২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসের মধ্যেই নির্বাচন চায় আওয়ামী লীগ

মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন চায় বাংলাদেশ আওয়ামী লীগ। নরওয়ের রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে বিষয়টি সাফ জানিয়ে দিলেন দলের নেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 01:43 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইনিয়েবর্গ স্টফরিং শেখ হাসিনার কাছে জানতে চেয়েছিলেন, আওয়ামী লীগ কত দিনের মধ্যে নির্বাচন চায়। জবাবে শেখ হাসিনা বলেছেন, বর্তমান তত্ত্ববধায়ক সরকার দায়িত্ব গ্রহণের দিন থেকে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।

১২ জানুয়ারি ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছিলেন।

নরওয়ের রাষ্ট্রদূত ইনিয়েবর্গ স্টফরিং রোববার আওয়ামী লীগ সভানেত্রীর সুধাসদনের বাসভবনে এক ‘সৌজন্য’ সাক্ষাতকালে এ প্রশ্ন করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ এক ঘণ্টার বেশি স্থায়ী এ সাক্ষাৎকারের পর সাংবাদিকদের রাষ্ট্রদূতে প্রশ্ন ও তার নেত্রীর উত্তর সম্পর্কে এ তথ্য দেন। অবশ্য হাসিনার সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুলেননি  নরওয়ের রাষ্ট্রদূত।

রাজনৈতিক বিষয়ে আলোচনা প্রসঙ্গে ইনিয়েবর্গ স্টফরিং শুধু বলেন, ‘নো কমেন্ট।’  তিনি বলেন, æএটি ছিল সৌজন্য সাক্ষাৎকার এবং আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি।”

শেখ হাসিনাকে উদ্ধৃত করে কাজী জাফরুল্লাহ বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছেন সংবিধানের ৫৮(গ) অনুচ্ছেদ অনুযায়ী। সে হিসাবে নির্বাচন ৯০ দিনের মধ্যে হতে হবে। তবে যেহেতু দেশে জরুরি অবস্থা বিরাজ করছে এ অবস্থার প্রেক্ষিতে আরো ৩০ দিন অর্থাৎ সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে হতে হবে। এটাই আওয়ামী লীগের অবস্থান।