চট্টগ্রামে ওয়ার্ড কমিশনারসহ আটক ৫
চট্টগ্রামে যৌথবাহিনী শনিবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক ওয়ার্ড কমিশনারসহ পাঁচজনকে আটক করেছে।
শনিবার দুপুরে নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ড কমিশন অফিসের সামনে থেকে কমিশনার জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। জাহাঙ্গীর চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক লীগের সাবেক সভাপতি।
যৌথ বাহিনী সূত্র জানায়, আটক কমিশনারের বিরুদ্ধে চোরাচালান, চাদাঁবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।
যৌথবাহিনী অপর এক অভিযানে ফটিকছড়ির সন্ত্রাসী তৈয়ব বাহিনীর ক্যাডার বেলাল উদ্দিনকে শুক্রবার রাতে ধর্মপুর এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।
এছাড়া ফটিকছড়ির আরেকটি সন্ত্রাসী গ্রুপ বিপ্লব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শফিউল আজম, মালুম ঘাট কক্সবাজারের ডাকাত নুরুল আমিন, চকরিয়ার গাজা ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং বান্দরবানের নুরুল্লাহকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
