ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আরো তিনজনের মৃত্যু
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আহত আরো তিন শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার। এ নিয়ে গত ২১ শে ফেব্রুয়ারির এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার।
আহত অন্য দুজনের অবস্থাও অবনতির দিকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পানির ট্যাংক পরিস্কার করার জন্য বুধবার সকালে ছয় জন শ্রমিক একটি বৈদ্যুতিক বাল্বসহ ট্যাংকের ভিতরে প্রবেশ করে। কিন্তু ট্যাংকের ভিতরে জমাটবাধা গ্যাসের সংস্পর্শে বাল্বটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই ছয় শ্রমিকেরই সারা শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলি নামে একজন।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার তিন দিন পর শনিবার ভোরে মারা যান মুস্তাফিজুর রহমান। এর কিছুক্ষণ পর ইদ্রিস মিঞা ও মনসুর সর্দারেরও মৃত্যু হয়। বর্তমানে ফারুক আহমেদ ও জেমস বাড়ৈ চিকিৎসাধীন রয়েছেন।
