ড্রাইভিং লাইসেন্স করে ব্লু-বুক সঙ্গে রাখতে হবে রিকশা চালকদের
দেশে প্রথমবারের মতো রিকশা চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম চালু হচ্ছে। চলতি বছরের মাঝামাঝি থেকে রাজধানী ঢাকায় রিকশা চালাতে হলে চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে রাখতে হবে রিকশার ব্লু বুক বা লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র। ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) এর পরামর্শে সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন এ সংক্রান্ত আদেশ জারি করে। বিষয়টি রিকশা মালিকদের মাধ্যমে চালকদের অবহিত করা হয়েছে।
ঢাক সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি থেকে রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত দুই শতাধিক চালক লাইসেন্স নিয়েছেন।
লাইসেন্স করতে রিকশা চালকদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা এবং দুই কপি ছবি দিতে হচ্ছে। এ ছাড়া সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। যৌনরোগসহ অন্য কোন সংক্রামক ব্যাধি আছে কিনা তা রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রক্ত পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে একজন পুলিশ সার্জেন্টের উপস্থিতিতে চালককে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে। লাইসেন্স প্রদানসংক্রান্ত সব কাজ শেষ করতে চলতি বছরের জুন মাস লেগে যাবে বলে জানা গেছে।
উল্লেখ্য বর্তমানে ঢাকা শহরে বৈধ রিকশার সংখ্যা ৭৯ হাজার ৬১৬। রিকশার মালিকরা লাইসেন্স করার বিষয়টি অবহিত হলেও অনেক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এ ব্যাপারে এখনো কিছু শোনেননি।
চালদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং রিকশা চালানোর সময় ব্লু বুক সঙ্গে রাখার বিষয়ে ডিএমপি’র জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মোঃ জসিমউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, “অবৈধ রিকশা বন্ধ করতেই মূলত সিটি কর্পোরেশনকে এ প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে অবৈধ রিকশার সংখ্যা পাঁচ থেকে ছয় লাখে দাঁড়িয়েছে।”
তিনি জানান, “একই নম্বর লেখা প্লেট লাগিয়ে একাধিক রিকশা রাস্তায় চলাচল করে। এতে বৈধ না অবৈধ তা চিহ্নিত করা রীতিমত দুরূহ হয়ে উঠেছে। রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় বৈধ রিকশার বিপরীতে কত জন চালক থাকছে তার একটি পরিসংখ্যান আমাদের হাতে থাকছে। ফলে যে কেউ যে কোন রিকশা নিয়ে রাস্তায় বের হতে পারবে না।”
জসিমউদ্দিন আরো জানান, অনেক রিকশা চালক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। এসব চালকদের অধিকাংশ রিকশাই অবৈধ। রিকশার বৈধ কাগজপত্র এবং চালকের লাইসেন্স থাকলে স্বাভাবিকভাবে ছিনতাই করাটা তাদের কাছে ঝুঁকিপূর্ন মনে হবে। এ ছাড়া অবৈধ রিকশা চলাচল বন্ধ হলে যানজটও অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদপুরের শেকেরটেক এলাকার এক রিকশা গ্যারেজের মালিক নাম না প্রকাশের শর্তে অবৈধ রিকশা চলাচল করার বিষয়টি স্বীকার করে বলেন, “অবৈধ রিকশা আমরা রাস্তায় ছাড়ি বাধ্য হয়ে। কারণ রিকশা বানানোর পর মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করেও সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স পাওয়া যায় না। সে কারণে আমরা চালাকি করে একই নম্বরে একাধিক প্লেট বানাইয়া বিভিন্ন রিকশার গায়ে লাগাইয়া দেই।”
তিনি অভিযোগ করে আরো বলেন, “জায়গা মতো অতিরিক্ত টাকা দিতে পারলে অবশ্য ঝড়ের বেগে লাইসেন্স চইলা আসে।” নতুন নিয়ম সবাই ঠিক মতো মেনে চললে সবার জন্য ভালো হবে জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয় না এ নিয়ম আদৌ থাকবো। নতুন সরকার এলে চেহারা আবার পাল্টাইয়া যাইবো। কারণ প্রত্যেক রিকশা গ্যারেজের মালিকদের জায়গা মতো মান্থলি দিতে হয় স্যার।”
তিনি অবশ্য জানান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে তাদের ‘মান্থলি’ দিতে হচ্ছে না।
এই রিকশা মালিকের অভিযোগ অস্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধাণ জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সড়কের তুলনায় অতিরিক্ত রিকশা চলাচল করায় এখন আর কোন নতুন রিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে না। বরং কীভাবে রিকশা কমানো যায় সেটাই চিন্তা-ভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে কোন রিকশা মালিক নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে তাকে আর নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে না।
অন্যদিকে রিকশা চালকরা সরকারের নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা কেউ কেউ বলেছেন অবৈধ রিকশা উঠিয়ে দিলে তারা বেকার হয়ে যাবেন। আবার সরকারের এ সিদ্ধান্তকে ভালো মনে করছেন কোন কোন রিকশা চালক । এদের ধারনা এতোদিন তাদের পেশার কোন পরিচয়পত্র ছিল না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর তাদের পেশার পরিচয় কাগজে--কলমে হবে।
