রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
রাজশাহীর মোহনপুরের খয়রার মোড়ে রাজশাহী--নওগাঁ সড়কে শনিবার সকালে বিআরটিসি বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে টেম্পুর এক যাত্রী ও চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত টেম্পু যাত্রী ওয়াজেদ আলীর (৪০) বাড়ি সাকোয়া গ্রামে। টেম্পু চালকের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত সাকোয়া গ্রামের মাহাবুব (৩০), সাবাইহাটের বিউটি (৩০), বিদ্যুত (১০), রফিকুল (১৮), আনারুল (৩০), মিজানুর রহমান (৩৫), ধানকৈঢ় গ্রামের বাবলু (৯) ও মৌগাছির আইনাল হককে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাওয়ার পথে টেম্পুটিকে সামনা--সামনি ধাক্কা দেয়।
মোহনপুর থানার ওসি আফজাল হোসেন নিহত ওয়াজেদ আলীর পরিচয় নিশ্চিত করলেও চালকের পরিচয় জানাতে পারেননি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
