নারীরাও ভাষার লড়াইয়ে সামনে ছিলেন
ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের নারীরাও সক্রিয় অংশ নিয়েছেন। তাদের সেই বীরত্বগাথার ইতিহাস অনেকটাই এখন ঢাকা পড়ে গেছে। ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর সঙ্গে কথা বলে ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণের কথা জানাচ্ছেন জানাচ্ছেন সঞ্জয় দে।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি চেয়েছিল ১৪৪ ধারা না ভেঙে সভা শেষে শান্তিপূর্ণ শোভাযাত্রা করতে। কিন্তু আমাদের তখন একটাই লক্ষ্য--ভাষার অধিকার আদায়। এই আমরা অর্থাৎ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মীরা চেয়েছিলাম সরকারের চাপিয়ে দেওয়া নীতির শক্ত জবাব দিতে, যদি ১৪৪ ধারা ভাঙতে হয় তাতেও আমরা পিছু হটবো না।
যেন সেদিনের কথা, ৫৫ বছর আগের আগুনঝরা দিনটির প্রতি মুহূর্তের খুঁটিনাটি বলে যেতে লাগলেন রওশন আরা বাচ্চু। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা প্রশ্নে ঢাকায় উত্তুঙ্গ আন্দোলনের সময় সামনের সারিতে থেকেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ওমেন স্টুডেন্টস রেসিডেন্স হলে (এখনকার রোকেয়া হল) পালন করেছেন সংগঠকের ভূমিকা।
বিশ্ববিদ্যালয়ের আমতলায় দুপক্ষের তুমুল বাক--বিতণ্ডা শেষে রওশন আরারাই জিতেছিল। ১৪৪ ধারা ভাঙার পক্ষে বিপুল সংখ্যক সংগ্রামী ছাত্র--ছাত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হল। আর ভেঙে গেল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি।
ভাষা আন্দোলনে নারীদের অংশগ্রহণের কথা বলতে গিয়ে রওশান আরা বলেন, “তখনকার রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের পক্ষে সরাসরি এ ধরনের একটি আন্দোলনে যোগ দেওয়া মোটেই সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি ছাড়া ছাত্রদের সঙ্গে কথা বললে পর্যন্ত ১০ টাকা করে ফাইন করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে আমরা তখন মাত্র ৪০/৫০ জন ছাত্রী। এর মধ্যে হলে থাকত ২৫/৩০ জন। ক্লাস শেষে অথবা টিফিনের সময় আমরা গোপনে দু’চারজন ছাত্রী ছাত্রদের গোপন বৈঠকে যেতাম।”
রওশন আরা বাচ্চুর গ্রামের বাড়ি সিলেটের কুলাউড়ায়। বাবা সরকারি চাকরির সুবাদে বরিশালে থাকার সময় ১৯৪৮ সালের দিকেই ভাষার লড়াইয়ে জড়িয়ে পড়েন তিনি। সে সময় বরিশাল বিএম কলেজে রওশন আরাসহ মোট সাত/আটজন ছাত্রীর প্রায় সবাই লুকিয়ে চলে যেতেন ছাত্রদের সভায়। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে এর আগে ১৯৪৭ সালেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তমদ্দুন মজলিশের উদ্যোগে গঠন করা হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরই গণতান্ত্রিক প্রগ্রেসিভ ফ্রন্টের রাজনীতিতে জড়িয়ে পড়েন রওশন আরা। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির আগের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কথা বলতে গিয়ে তিনি জানান, “সে সময় খুব অল্প ছাত্রী গোপন সভাগুলোতে যোগ দিত। আমি ছাড়াও সেখানে যেতেন সুফিয়া খান, সুফিয়া আলী, বেবী আপা, রোকেয়া আপাসহ কয়েকজন। এসব বৈঠকের বেশিরভাগ হতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ৭৪ অথবা ৭৫ নম্বর রুমে।”
ভাষা আন্দোলনের সময় বেশিরভাগ পোস্টার লেখার দায়িত্ব ছিল মেয়েদের ওপর। আর এ কাজে দক্ষ ছিলেন নুরুন্নাহার কবীর। হলের বাকিরা রাত জেগে তাকে সাহায্য করতেন। প্রতিবাদ মিছিলে ঢাকার বিভিন্ন স্কুলের মেয়েদের নিয়ে আসার কাজটিও করতেন ওমেন স্টুডেন্টস রেসিডেন্স হলের ছাত্রীরা।
২১ শে ফেব্রুয়ারি আগের রাতে ছাত্রী হলে খবর পৌঁছায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি চাইছে পরদিন ১৪৪ ধারা না ভেঙে শান্তিপূর্ণ শোভাযাত্রা করতে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত ১৪৪ ধারা ভাঙা হবে। রাতভর এ নিয়ে বিতর্ক চলল ছাত্রীদের মাঝেও। রওশন আরার মতো আরো কয়েকজন সমর্থন করলেন সংগ্রাম পরিষদের সিদ্ধান্তকে।
পরদিন আমতলায় তারাই জয়ী হলেন। রওশন আরা বলেন, “সেদিন ঢাকার বিভিন্ন স্কুল থেকে মেয়েদের আনতে সকালেই বেরিয়েছিলাম আমরা। ওদের নিয়ে যখন আমতলায় আসি তখন ক্লান্ত একে অপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকালাম। রোকেয়া আপা একটু মোটা মানুষ, আমার দিকে তাকিয়ে বললেন ‘মনে হচ্ছে পায়ের রগ বুঝি ছিড়ে গেল’।”
এরপর সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত আনুসারে ১০ জনের দল করে একের পর এক মিছিল করার যে সিদ্ধান্ত হয়, তার প্রথমটিতেই ছিলেন রওশন আরা। এর কিছু পরেই শুরু হয় পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং সবশেষ গুলিবর্ষণ।
রওশন আরার কাছে ভাষা আন্দোলন মানে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ নারী--পুরুষের সম্মেলিত লড়াই। অথচ এখন ক্রমেই ঢাকা পড়ছে নারীদের সেই সক্রিয় অংশগ্রহণের ইতিহাস। রওশন আরা সবাইকে জানিয়ে যেতে চান আড়ালে পড়ে থাকা সাহসী সেই ভাষাকন্যাদের কথা।
