দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবেই
দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। একটি স্থিতিশীল ও টেকসই আর্থ-সামাজিক কাঠামো গড়তে এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, বর্তমান সরকার দেশের সকল খাতে বিশেষ করে আর্থিক খাতে শৃংখলা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবাজ ও দুর্ব্ত্তৃদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তিনি জানান, এ ব্যবস্থা অব্যাহত থাকবে।
দুই বিঘা জমির ওপর নিকুঞ্জ এলাকায় এই ভবনটি নির্মিত হবে। ৫৮ হাজার ৬৪ বর্গফুট বিশিষ্ট প্রস্তাবিত ভবনে শেয়াবাজার সংশ্লিষ্ট সব আধুনিক সুবিধা থাকবে।
ব্যাংকিং খাতের উপর দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে এদেশে বাজার মূলধনের তুলনায় পুজিঁবাজারের আকার এখনও অনেক ছোট বলে মনে করেন ফখরুদ্দীন আহমদ। তিনি দেখান যে, বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় পুঁজিবাজারের আকার এর তুলনায় অনেক বড়।
প্রধান উপদেষ্টা বলেন,“অতীতের অনিয়ম ও অনিশ্চয়তা পুঁজিবাজারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছিল। অন্যান্য খাতের মতো এ খাতের দুর্নীতি, অস্বচ্ছতা, অদক্ষতাও এর উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। বর্তমানে সরকার দেশের সকল খাতে বিশেষ করে অর্থিক খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।”
