সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের চান্দাইকোনা জোড় ব্রীজের কাছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়গঞ্জ উপজেলার মহাসড়কের জোড় ব্রীজ এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে একটি শিশুসহ তিনজন মারা যায় এবং আহত হয় অপর ৪ যাত্রী। আহতদেরকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি। রায়গঞ্জ থানার ওসি মো. হায়দার আলী মোল্লা দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
