কাপ্তান বাজার ও সোয়ারীঘাটে ৬ টন বিষাক্ত মাছ আটক, ১১ ব্যবসায়ী গ্রেপ্তার
ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত শনিবার ভোরে রাজধানীর পাইকারি মাছের আড়ত সোয়ারীঘাটে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় টন (১৬৪ মন) বিষাক্ত ফরমালিনযুক্ত মাছ জব্দ করে তা ধ্বংস করে দিয়েছে।
ম্যাজিস্ট্রেট রোকনউদ্দোলার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একই সময়ে কাপ্তান বাজারে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ বিক্রি নিষিদ্ধ জাটকা আটক করা হয়।
অভিযান চলাকালে মাছে বিষাক্ত ফরমালিন ব্যবহার এবং জাটকা বিক্রির অভিযোগে মোট ১১ ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে মৎস সংরক্ষণ আইনে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, বন ও পরিবেশ উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিমের নির্দেশে এই অভিযান চালানো হয় বলে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দোলা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ মুস্তাফিজুর রহমান আকন্দ এবং সহকারি জৈব রসায়নবিদ আবুল কালাম আজাদসহ সেনা বাহিনী ও পুলিশের শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেয়।
