২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন দীর্ঘসময় পেছালে আন্তর্জাতিক মহলে ভুল সংকেত পৌঁছাবে : শ্যাবট

বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান দীর্ঘসময় পেছানো হলে আন্তর্জাতিক মহলের কাছে ‘ভুল সংকেত’ পৌঁছাতে পারে বলে মনে করেন সফররত মার্কিন কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার বিকেলে হোটেল র‌্যাডিসনে একদল সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই মত প্রকাশ করেন।

বিদেশি বিনিয়োগ বিষয়ক প্রশ্নের জবাবে চ্যাবট বলেন, “ বছরের পর বছর ধরে বাংলাদেশে অনির্বাচিত একটি সরকার থাকলে যেসব দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠান এদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় তাদের কাছে বিপরীত বার্তা পৌছাবে।” তিনি বলেন, “আমি অবশ্যই মনে করি বাংলাদেশ এভাবে দীর্ঘসময় ধরে অনির্বাচিত সরকারের পথে এগুবে না।” 

নির্বাচনের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে রিপাবলিকান কংগ্রেস সদস্য বলেন, “অবশ্যই আমরা দ্রুত নির্বাচন অনুষ্ঠান দেখতে আগ্রহী। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রে নির্বাচন একটি অপরিহার্য বিষয়। আমরা চাই না নির্বাচন দীর্ঘসময় ধরে বিলম্বিত হোক।”

নির্বাচন অনুষ্ঠানের কোন সময়সীমা প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন কি না জানতে চাইলে শ্যাবট বলেন, “সময়সীমা নির্ধারণ যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয় -- দেশের জনগণ, সরকার এবং সংবিধানই সময়সীমা নির্দিষ্ট করবে।”

কংগ্রেস সদস্য আরও বলেন, “সরকারের উপর আমাদের নীতি চাপাচ্ছি না আমরা; নির্বাচন দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের জন্য সরকারকে উৎসাহিত করার মধ্যেই আমাদের ভূমিকা সীমিত।”

যুক্তরাষ্ট্রের এশীয় সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শ্যাবট তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযান ও  পুনর্গঠন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

শ্যাবট বলেন, “অভিযান চলাকালে নাগরিকদের মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ গুরুত্বপূর্ণ এবং যারা কারাগারে আছেন তাদের সাথে অসদাচরণ করা উচিত না।” তিনি বলেন, “তাদেরকে নিষ্ঠুরভাবে নির্যাতন বা হয়রানি করা উচিত না এবং  যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়টিকে বেশ গুরুত্বপূর্ণ করে।”

মোহাম্মদ ইউনূসের রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে শ্যাবট বলেন, নোবেল বিজয়ী ইউনূস খুদ্র ঋণ ক্ষেত্রে সফল তবে রাজনীতির ক্ষেত্রে সমানভাবে সফল হবেন কি না তা এখনও দেখার বিষয়।”

মৌলবাদ সম্পর্কে জানতে চাইলে কংগ্রেস সদস্য কলেন, “মৌলবাদ রোধে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশকে আমরা উৎসাহিত করব।”

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশের সুপ্রশিক্ষিত সেনাদের প্রশংসা করেন শ্যাবট।

বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিমান কম বলে জানান শ্যাবট । তিনি বলেন, “বাংলাদেশ দুর্নীতির মাত্রা কমাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারলে বিনিয়োগের পরিমান বাড়বে।”