অমানবিক
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার স্ত্রী নাজমা বেগম (৪৫)। লঞ্চে করে আসছিলেন বরিশাল থেকে নারায়ণগঞ্জ। সঙ্গে সাত বছরের সন্তান আসিফ ইমতিয়াজ। ফতুল্লা ঘাটে লঞ্চটি ভেড়ার ঠিক আগ মুহূর্ত। তখনো সকাল হয়নি। আধো আলো, আধো অন্ধকার। কেবিন থেকে বের হয়ে ছেলেকে নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কে জানতো তার জন্য অপেক্ষা করছে এক অন্য রকম সকাল, অন্য রকম বিষাদ।
যেই লঞ্চটি ঘাটে ভিড়বে। ঠিক তখনই মা -- ছেলেকে নিয়ে এক ছিনতাইকারী ঝাঁপিয়ে পড়ে বুড়িগঙ্গায়। ছিনিয়ে নেয় নাজমা বেগমের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ। অসহায় মা শীতল পানিতে তার ছোট্ট ছেলেকে হাতড়ে বেড়ান। এক পর্যায়ে কোনো রকমে সাঁতরে ওঠেন তীরে।
কী ছিল সেই ব্যাগটিতে! গহণা, টাকা--পয়সা। হয়তো। তবে তার প্রাণের চেয়ে দামী, তার ছেলে -- ততোক্ষণে তলিয়ে গেছে বুড়িগঙ্গার অতল তলে।
বৃহস্পতিবার খুব ভোরের ঘটনা এটি। বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগীয় অফিসে কর্মরত উপ--পরিচালক স্বামী শাহজাহান মিয়ার সঙ্গে দেখা করে নারয়ণগঞ্জ ফেরার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ আসিফের লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ছিনতাইকারীর টিকিটিও খুঁজে পায়নি তারা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করীমও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন নাজমা বেগমের বাড়ি ফতুল্লার শেহারচরের তক্কার মাঠ এলাকায়।
