কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দাউদকান্দির রায়পুরায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের সিঙ্গুলিয়া বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার সকালে বাস--ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মোবারক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক চালক কায়সার আহমেদ (৩৮), ট্রাকের হেলপার নান্টু (২৩), কলা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (২৫) এবং যাত্রীবাহী বাসের অজ্ঞাতনামা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
আহত ১১ জন যাত্রীকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে।
