ট্রাক লরিতে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণেই বছরে চারশ কোটি টাকা অপচয়
ট্রাক ও লরিতে অতিরিক্ত পণ্যবোঝাইয়ের কারণে বছরে অপচয় হচ্ছে প্রায় চারশ কোটি টাকা।
শুধু তা-ই নয়, এ কারণেই পরিবেশ দূষণও বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অথচ, বিদ্যমান আইন কার্যকর করা হলেই এ অপচয় রোধ করা সম্ভব বলে মনে করেন তারা।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলছেন, নির্মাণের পর কোনো মহাসড়ক দশ বছর টিকে থাকার কথা থাকলেও নিয়ম ভেঙ্গে ট্রাক ও লরিতে অতিরিক্ত পণ্যবোঝাইয়ের কারণে তা চার পাঁচ বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। এর সংস্কার কাজে ব্যয় করতে হচ্ছে বরাদ্দের বেশিরভাগ অর্থ।
সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং হাইওয়ে ডিজাইন মডিউল উইংয়ের প্রধান রফিকুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “সড়ক মেরামতের জন্য বার্ষিক বরাদ্দ থাকে ৫০০ কোটি টাকা। এরমধ্যে ৪০০ কোটি টাকাই খরচ হচ্ছে অতিরিক্ত পণ্যবোঝাইয়ের কারণে নষ্ট হয়ে যাওয়া সড়কের সংস্কার কাজে।”
রফিকুল ইসলাম জানান, ১২ টন পণ্য পরিবহনকারী একটি ট্রাক চলাচলের কারণে একটি রাস্তার যে পরিমাণ ক্ষতি হয়, ২০ টন পণ্য নিয়ে একটি ট্রাক চলাচল করলে তার প্রায় ৩০ গুণ বেশি ক্ষতি হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের ২০০৩ সালের ১৬ নভেম্বরের এক আদেশ অনুযায়ী একটি সাধারণ ভারী ট্রাক সর্বোচ্চ ১০ টন পণ্য পরিবহন করতে পারে। কিন্তু ২০০৬ সালের অক্টোবরে পরিচালিত সড়ক বিভাগের এক সমীক্ষায় দেখা যায়, আইন অমান্য করে একেকটি ভারী ট্রাকে গড়ে ২০ টন পর্যন্ত পণ্য পরিবহন করা হয়।
১৯৮৩ সালের মোটরযান চলাচল অধ্যাদেশ অনুযায়ী, ওজন সংক্রান্ত এ আইন প্রথমবার অমান্য করলে এক হাজার টাকা জরিমানা এবং এর পুনরাবৃত্তি ঘটলে এক হাজার টাকা জরিমানাসহ ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রকৌশল) রশিদ খলিফা বললেন, “অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে কারো জেল হয়েছে এমন কথা আমি কোনোদিন শুনিনি।”
তিনি আরো বলেন, “নিয়ম মেনে পণ্য বোঝাই করলে পরিবেশ দূষণও কমে যেত।”
ট্রাকে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য বোঝাই করা হলে তা তুলনামূলক ধীর গতিতে চলে। এর ফলে ট্রাকের জ্বালানির ব্যবহারও পুরোপুরি হয় না। ফলে তুলনামূলক বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গত হয়।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চারটি সক্রিয় ওজন যন্ত্র রয়েছে। ঢাকা---সিলেট মহাসড়কের আউশকান্দি, ঢাকা---চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, ঢাকা---আরিচা মহাসড়কের বাথুলি এবং ঢাকা---মাওয়া মহাসড়কের কেরানিগঞ্জে অবস্থিত এ সব যন্ত্রের সাহায্যে ট্রাকে অতিরিক্ত পণ্য বোঝাই চিহ্নিত করা সম্ভব।
এছাড়া যমুনা সেতুর দুপাশে এবং ঢাকার মাজার রোডেও একটি করে ওজন যন্ত্র রয়েছে। কিন্তু বর্তমানে এগুলো বিকল।
সড়ক বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে জাতীয় মহাসড়ক রয়েছে ৩৫২০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪২৮০ এবং জেলা সড়ক রয়েছে ১৩৭৫৩ কিলোমিটার।
