২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে

যমুনা গ্র“পের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার মালিক নুরুল ইসলাম বাবুলকে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আইনজীবীদের করা বাবুলের জামিন আবেদন নামঞ্জুর করে শুক্রবার বেলা সাড়ে তিনটায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম সৈয়দ মুজিবুল হক এ আদেশ দেন।

বেলা সোয়া দুটায় বাবুলকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও মো. আব্দুল বারী।

বাবুলের আইনজীবীরা কারাগারে তার জন্য প্রথম শ্রেণীর মর্যাদা ও চিকিৎসার ব্যবস্থার আবেদন করেন। হাকিম এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা একটায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভূমি দস্যুতা, জোর করে সরকারি সম্পত্তি দখল ও রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিসাধনের অভিযোগে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ১৬ (২) ধারায় বাবুলকে গ্রেপ্তার করে।

আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে বলা হয়, “নুরুল ইসলাম বাবুল রিয়্যাল এস্টেট ব্যবসায়ী এবং যমুনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজের সত্বাধিকারী। তিনি দেশের সরকারি ও বেসরকারি ভূমি ও সম্পত্তি জোর করে দখলকারী একজন ব্যক্তি। তিনি দেশের অর্থনৈতিক ক্ষতিসাধন করেছেন। তিনি দেশের নিরাপত্তাও বিপন্ন করতে পারেন। তাই তাকে জেলখানায় আটক করা জরুরি।”

বাবুলের আইনজীবীরা আদালতকে বলেন, “নুরুল ইসলাম বাবুল দেশের একজন শীর্ষ শিল্পপতি। ২০ থেকে ৩০ হাজার কর্মচারি তার মালিকানাধীন ২২টি প্রতিষ্ঠানে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।”

আইনজীবীরা বলেন, “এর আগে হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার, হয়রানি না করার আদেশ দেওয়া হয়েছে। বাবুল কোনো মামলাতেই ওয়ান্টেড নয়। তার বিরুদ্ধে পুলিশ কোনো সুনির্দিষ্ট মামলা আনতে পারেনি।”