২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিনসহ আটক চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছে পুলিশ

তানোর উপজেলার সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খানকে ত্রাণের ৭০ বান টিনসহ আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 06:31 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বুধবার দুপুরে আটকের পর বিকেলেই পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ ছাড়া নওহাটা পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা মকবুলের গোয়াল ঘর থেকে ত্রাণের টিন খুলে নিয়েছে পুলিশ। তানোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৮৫ পিস টিনসহ ৩ জনকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ত্রাণের ৭০ বান টিন তার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালিয়ে টিনগুলো উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানকে আটক করে। কিন্তু দুপুরে চেয়ারম্যান মোজাম্মেল হককে থানায় এনে বিকেলে ছেড়ে দেয় পুলিশ।

তবে তানোর থানার ওসি আনিসুর রহমান দাবি করেছেন, চেয়ারম্যানকে আটক করা হয়নি। টিন আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিয়া পরিষদের সদস্য আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

এদিকে একইদিন সকালে অভিযান চালিয়ে তানোর থানা পুলিশ উপজেলার মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ পিস টিনসহ আবদুর রাজ্জাক, বিনোদপুর জিয়া পরিষদ থেকে ৯ পিস টিনসহ সংগঠনের সভাপতি আরমান আলী ও চক কাজিরিয়া ক্লাব থেকে ২৮ পিস টিনসহ ওহাব আলীকে আটক করে।

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার পৌর বিএনপি সভাপতি ও কাঁকনহাট কলেজের অধ্যক্ষ আবদুল হান্নানের বাড়ি থেকে ১৭ টি টিন উদ্ধার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।