২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব দিতে এসে বাবুল ও বাকির গ্রেপ্তার

সম্পত্তির হিসাব দিয়ে দুর্নীতি দমন কমিশন কার্যালয় থেকে বের হওয়ার পর যমুনা গ্র“পের চেয়ারম্যান দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসাম বাবুল এবং সোনালী ব্যাংকের উপ হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি বিএম বাকিরকে গ্রেপ্তার করেছে আইন--শৃঙ্খলা বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বেলা সাড়ে ১২টায় নুরুল ইসলাম বাবুল সম্পদের হিসাব দিতে কমিশন কার্যালয়ে আসেন। হিসাব দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাবুলকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। এর আগে বিএম বাকির হোসেন সম্পত্তির হিসাব দিতে এলে তাকেও আটক করা হয়। মাহবুব আলমের প্রতিবেদন। (আরও তথ্যসহ--৫)।

যমুনা গ্র“পের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল দুদক পরিচালক আব্দুল ওয়াদুদের কাছে মোট ১৭০ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ১১৩ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন।

এর মধ্যে তার নিজ নামে থাকা সম্পত্তির অর্থমূল্য ৭৩ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৮০ টাকা। স্ত্রী সালমা ইসলামের নামে আছে ৪৪ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ২৮৪ টাকার সম্পদ। এছাড়া ছেলে শামীম ইসলামের নামে ৪৩ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৭৪৯ টাকা, মেয়ে শারীয়াত তাসরীনের নামে ৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকা, সাবিহা নাজনীনের নামে ২ কোটি এক লাখ ১৫ হাজার টাকা এবং সুমাইয়া ইসলামের নামে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার সম্পত্তি রয়েছে।

সোনালী ব্যাংকের উপ--হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি বিএম বাকির তার নিজের নামে ২১ লাখ ৪১ হাজার ৫০৪ টাকা এবং স্ত্রী নাজমা হোসেনের নামে ৯৯ লাখ ১১ হাজার ১৫০ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেন। তার সম্পত্তির হিসাবটিও দাখিল করা হয়েছে দুদক পরিচালক আব্দুল ওয়াদুদের কাছে।

এদিকে, সকালে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এবং ভাতিজা অধ্যাপক মুনতাসীর মামুন তাঁর যাবতীয় সম্পত্তির হিসাব দেন। দুদক পরিচালক নাসরিন আরা সুরাত আমিন তাদের কাছ থেকে সম্পত্তির হিসাব বুঝে নেন।

সকালে ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম দুদক কার্যালয়ে গিয়ে তার মক্কেলের পক্ষে হিসাব দাখিল করার জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন।

আবুল কালাম সাংবাদিকদের জানান, “গত ৪ ফেব্র“য়ারি যৌথবাহিনী তার মক্কেলের বাসা থেকে বিভিন্ন সম্পত্তির দলিলপত্র নিয়ে গেছে। এজন্য সম্পদের হিসাব দাখিল করতে তার সময় প্রয়োজন।” চৌধুরী আলমের আনুমানিক সম্পদের পরিমাণ ৩ কোটি ২৫ লাখ টাকা বলেও তিনি জানান।

এ ব্যাপারে দুদক সচিব বলেছেন, চৌধুরী আলমের আবেদনের বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দুপুর ১ টায় সাবেক সাংসদ মকবুল হোসেন এবং আক্তারুজ্জামান চৌধুরী বাবুর প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার দুদক কার্যালয়ে আসেন তার মক্কেলদের সম্পত্তির হিসাব দাখিল করতে।

মকবুল ও আক্তারুজ্জামান হাজির না হওয়ায় দুদক পরিচালকরা তাদের হিসাব নিতে রাজি হননি। এসময় বাসেত মজুমদার জানান তার মক্কেলরা দেশের বাইরে চিকিৎসাধীন আছেন বলে তাদের হাজির হওয়া সম্ভব হয়নি।

এরপর বিকাল সাড়ে ৪ টার দিকে দুদক সচিব দেলোয়ার হোসেন অনানুষ্ঠানিকভাবে মকবুল ও আক্তারুজ্জামানের সম্পদের প্রতিবেদন জমা নেন।

দুপুর দেড়টায় ঢাকা--৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ এর মেজো ছেলে তানভীর আহমেদ কমিশনে আসেন সম্পত্তির হিসাব দাখিলের নিয়ম জানতে। বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

সাবেক সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী শাহানারা আবুল হাসানাত বিকেল পৌনে তিনটায় কমিশনে আসেন সম্পত্তির হিসাব দাখিল করতে। তবে পরিচালক মো. তানকিন হক সিদ্দিকী তার হিসাবও জমা নেননি। 

কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহানারা সাংবাদিকদের জানান, গত ৫ জানুয়ারি আবুল হাসানাত আবদুল্লাহ চিকিৎসার জন্য ভারতে গেছেন। তিনি আরও বলেন, ‘গত ১১ বছরে আমাদের সম্পত্তির পরিমাণ কিছুই বাড়েনি।’

বিকেল তিনটায় কমিশনে আসেন বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এর প্রতিনিধি কর্নেল (অব.) আহসান উল্লাহ। তিনি এসে সম্পত্তি দাখিলের নিয়ম-- কানুন জেনে যান।

একই সময়ে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি সম্পত্তির হিসাব দাখিল করতে এলে তা গ্রহণ করেননি পরিচালক নাসরীন আরা সুরাত আমিন। পরিচালক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অনুমতি (পাওয়ার অব এটর্নি) লাগবে সম্পত্তির হিসাব দিতে। 

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার দুর্নীতির তালিকাভুক্ত ৫০ জনের সবাইকে রোববার বিকেল পাঁচটার মধ্যে সম্পদের হিসাব দেওয়ার সময়সীমা বেঁধে দেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, এসময়ের মধ্যে যারা হিসাব দিতে ব্যর্থ হবেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাময়িকভাবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার সম্পদ ফেরত দেওয়া হবে। 

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে সম্পদের হিসাব দিয়েছেন চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও জামালপুরের বিএনপি নেতা এম রশীদুজ্জামান মিল্লাত।

বিকালে সংবাদ ব্রিফিং এ দুদক সচিব সাংবাদিকদের জানান, যারা দেশের বাইরে রয়েছে তাদের ব্যাপারে ২৫ ও ২৬ ফেব্র“য়ারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।