যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ১৬২১ জন গ্রেপ্তার
সেনা বাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মোট ১৬২১ জনকে গ্রেপ্তার এবং ১৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
মঙ্গলবার সরকার এ তথ্য জানিয়েছে।
এর মধ্যে সশস্ত্র বাহিনীর অভিযানে মোট ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২২ জন চিহ্নিত সন্ত্রাসী এবং ২১ জন অন্যান্য মামলা আসামি। গ্রেপ্তারকৃতদের মধ্যে গাজীপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও রংপুর জেলার অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্টিজসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।
অন্যদিকে পুলিশ ও র্যাব সদস্যরা সারা দেশে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মোট ১৫৭৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অস্ত্র মামলার আসামি ২৩ জন, সাজাপ্রাপ্ত আসামি ২৪ জন, ৭৭৯ জন পরোয়ানাভূক্ত আসামি এবং অন্যান্য মামলার আসামি ৭৫২ জন।
একই সময় পুলিশ ও র্যাবের অভিযানে ১০ টি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ককটেল, পাঁচটি বোমা, ২৩ রাউন্ড গুলি এবং ১১ টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, তিনটি পাইপগান, তিনটি বন্দুক, দুটি পিস্তল এবং একটি এলজি।
