২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আলোর মুখ দেখলো বার্ণিকের ‘ভাষান্দোলন মিউজিয়াম’

যে উদ্যোগটি আরও আগে নেওয়া উচিত ছিল দীর্ঘ অর্ধশতক পেরিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্র“য়ারি তা আলোর মুখ দেখলো। ওইদিন উদ্ধোধন করা হলো বাঙালির ভাষা আন্দোলন ভিত্তিক একটি জাদুঘরের। কোন একক ব্যাক্তি নন, জীবিত ভাষা সৈনিক আবদুল মতিন, গাজীউল হক ও তার সতীর্থরা এবং প্রয়াত ভাষা সৈনিকদের পরিবারের সদস্যরা একযোগে উদ্ধোধন করেন এই মিউজিয়াম। এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে ‘ভাষান্দোলন মিউজিয়াম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মিউজিয়াম তৈরির মূল উদ্যোগটা নেওয়া হয়েছিল ১৯৮৯ সালে, নিয়েছিলেন এম এ বার্নিক। তখন তিনি ‘বাংলাদেশ ভাষা-আন্দোলন মিউজিয়াম’ নামে শুরু করে ছিলেন এর কাজ। প্রতিষ্ঠানটির ঠিকানা ছিল ২/৯ ব্লক-এ, লালমাটিয়া ঢাকা।

সেখানেও এটি বেশিদিন থাকেনি, চলে গেছে ১০ নম্বর ধানমন্ডি হকার্স মার্কেটে। তারপরও এ উদ্যোগ সফলতার মুখ দেখেনি। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে গঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের কারণে পরিকল্পনাটি বাস্তবায়িত হয়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সহধর্মিনী বেগম পেয়ারী মাহবুব নিজেদের ধানমন্ডির বাড়িতে শুরু করেন এই মিউজিয়ামের কাজ, ২০০৬ সালের মার্চ মাসে। তখন থেকেই তারা চেষ্টা করছিলেন ‘ভাষান্দোলন জাদুঘর’ এর জন্য স্থায়ী কোন জায়গা খুঁজে বের করবার।

এ কাজে সরকারের কাছে জায়গা চাইলেও পেতে ব্যর্থ হয়েছেন তারা। পরে কাজী গোলাম মাহবুবের বাড়িকে ভাষা আন্দোলনের গবেষণা কেন্দ্রের জন্য বরাদ্দ রেখে পাশের বাড়ির দুইটি কক্ষ ভাড়া নিয়ে ‘ভাষান্দোলন জাদুঘর’ কার্যক্রম চালু হয়। এ কার্যক্রমে একে একে বিভিন্ন জীবিত ভাষা সৈনিকরা যুক্ত হয়েছেন।

এই জাদুঘরে রয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছবি। ’৪৭ থেকে শুরু করে ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্র“য়ারির উল্লেখ্যযোগ্য ছবি এর অন্যতম আকর্ষণ। ছবিগুলো সে সময়ে তুলেছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম এবং মুহম্মদ তকীয়ূল্লাহ।

এছাড়াও এই জাদুঘরে রয়েছে ভাষা সৈনিকদের ব্যবহৃত জিনিসপত্র, পুরষ্কার ও সম্মাননা। সবে শুরু করা এই মিউজিয়ামে দেশের বিভিন্ন স্থান থেকে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট নানান গুরুত্বপূর্ণ তথ্য ও উপাদান জড়ো হতে শুরু করেছে।

বিন্দু বিন্দু করে একসময় এই ভাষান্দোলন মিউজিয়াম ও হয়ে উঠবে বিশাল এক জাদুঘরে --  এটাই সবার আশা।

জাদুঘরের ঠিকানা: রাষ্ট্র ভবন, বাড়ি-৫ সড়ক ১০, ধানমন্ডি আবাসিক এলাকা, কলা বাগান, ঢাকা-১২০৫।