ডোনারস ফোরামের সভা আয়োজন করবে সরকার
সরকার পিআরএস ডোনারস ফোরাম সভা আয়োজন করার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ কথা জানান।
এক সময় বাংলাদেশ উন্নয়ন ফোরাম নামে পরিচিত এই ফোরাম মূলত উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বৈঠক। প্রতিবছর হওয়ার কথা থাকলেও গত বছর এই ফোরামের কোনো সভা হয়নি। সর্বশেষ সভাটি হয়েছিল ২০০৫ এর নভেম্বরে।
বিদেশী উন্নয়ন সহযোগীদের স্থানীয় পরামর্শক কমিটি বা লোকাল কনসালটেটিভ গ্র“প (এলসিজি) অর্থ উপদেষ্টার সাথে দেখা করে এই সভার আয়োজন করার ব্যাপারে বললে উপদেষ্টা অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
এলসিজির প্রধান নির্বাহী জিনি জর্জের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল মঙ্গলবার উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
এই সভা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে অবশ্য সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
ফোরামে সরকারের পক্ষ থেকে কোন কোন খাতকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “বন্দর, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র দূরীকরণ সংক্রান্ত প্রকল্প সমূহ সরকারের কাছে অগ্রাধিকার পাবে।”
অর্থ উপদেষ্টা জানান, লোকাল কনসালটেটিভ গ্র“প প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে বলে জানিয়েছে।
তিনি জানান, নানা কারণে আটকে পড়া বিদেশী সাহায্য ও ঋণ দ্রুত ছাড়করণের ব্যাপারে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।
