সীতাকুণ্ড ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মঙ্গলবার সকালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজন এবং যশোর--বেনাপোল সড়কের গদখালী মটবাড়ী এলাকায় অপর সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। দুটি ঘটনায় আহত হন আরও ১৩ জন।
চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলার বাইপাস মোড়ে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামগামী ট্রাক (ফেনী--ট-- ০২০১২৯) ও সিএনজি চালিত একটি অটোরিকশার (চট্টগ্রাম--ঠ--১১--০৯৮২) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ী এলাকার সাবেক মেম্বার ফসীহউদ্দিন (৫৫), ফজলুল হক (৫০), শাজাহান ভুঁইয়া (৪৫) এবং মো. নুরুদ্দিন (৩২)।
দুর্ঘটনায় অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৫) ও দুই যাত্রী গিয়াসউদ্দিন (৩০), শহিদুল আলম (৪২) আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্র্াকটি আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
যশোর প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস গদখালী মটবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওই দুই ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। বাসের আহত ১০ যাত্রীকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো হাজেরা (১৬) ও আনা (১৫)। তারা ঝিকরগাছা উপজেলার তালতলা মুজিবনগর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল ভুঁইয়া জানান, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং যান চলাচলের জন্য রাস্তা পরিস্কার করে দেওয়া হয়েছে।
