ভাষা সৈনিক আবদুল মতিনকে সংবর্ধনা দিল এনসিসি ব্যাংক
সকলেই কবি নয়, কেউ কেউ কবি, জীবনানন্দের এই কথার সঙ্গে মিল রেখেই বলতে হয় সকলেই সৈনিক নয়, কেউ কেউ সৈনিক, তিনিও একজন সৈনিক, তবে সাধারণ নয়-- মহান এক সৈনিক ভাষা সৈনিক আবদুল মতিন সম্বন্ধে এ কথাগুলোই বললেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এনসিসি ব্যাংক লিমিটেডের আয়োজনে ভাষা সৈনিক আবদুল মতিনের সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের মতো সব বক্তাই অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়েছেন সংগ্রামী আবদুল মতিনকে।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার সন্ধ্যার অনাড়ম্বর অনুষ্ঠানে এনসিসি ব্যাংক আবদুল মতিনকে সংবর্ধনা দেওয়া ছাড়াও একশ স্কুলের গ্রন্থাগারে বই উপহার দেয়। এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল আলম তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক গোলাম সরোয়ার।
সংবধনার জবাবে ভাষা সৈনিক আবদুল মতিন বলেন, এই ৮২ বছর বয়েসে এখনো বাহান্নর সেই উত্তেজনা অনুভব করতে পারি। আজ আমরা বাংলায় কথা বলতে পারছি সেটাই সবচে’ আনন্দের। কিন্তু দুঃখ হলো, ২১ শে ফেব্র“য়ারি এলেই আমাদের ভাষা অন্দোলনের কথা মনে পড়ে, সারাবছর আমরা কীভাবে যেন তা ভুলে যাই।
অধ্যাপক আবু সায়ীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন বা ভাষা শহীদদের স্মরণ যেন চলে সব সময়, সারা বছর।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম তারা বলেন, মতিঝিল ব্যাংক পাড়া থেকে সংস্কৃতি পরিমন্ডল এই শাহাবাগের দূরত্ব অনেক। তবে আমরা এই দূরত্ব ঘুচাতে চাই। ভাষা সৈনিক আবদুল মতিনকে সংবর্ধিত করে আমাদের যাত্রা শুরু। আগামি বিজয় দিবসের আগেই আমরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের পরিবারদের সংবর্ধিত করার আশা রাখি।
পরে ভাষা সৈনিক আবদুল মতিনকে সম্মানসূচক ক্রেস্ট এবং এক লক্ষ টাকার পে অর্ডার প্রদান করা হয়।
