ঢাকা-কলকাতা যাত্রিবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত
গাজীপুরের জয়দেবপুর এবং কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে দুদেশের মধ্যে সরাসরি যাত্রিবাহী ট্রেন চালুর ব্যাপারে বাংলাদেশ এবং ভারত সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।
এ ব্যাপারে আলোচনার জন্য ভারতের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন দল মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ রেলওয়ের (বিআর) কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য ঢাকায় আসবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সোমবার দিনব্যাপী সফর শেষে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, “শিয়ালদহ--জয়দেবপুর যাত্রিবাহী রেলসেবা চালু করতে প্রাথমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে বাংলাদেশ পক্ষ সম্মতি জানিয়েছে।”
বাংলাদেশ রেলওয়ে (বিআর)-এর মহাপরিচালক মো. আখতারুজ্জামান সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকার আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা ঢাকা--কলকাতা রেল যোগাযোগ শুরুর জন্য প্রস্তুত।” তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে সাত বছর আগে পরীক্ষামূলকভাবে জয়দেবপুর থেকে শিয়ালদহ পর্যন্ত একটি ট্রেন পরিচালনা করেছিল।
দুই দেশের সরকার রেলসেবা চালুর ব্যাপারে চূড়ান্ত সম্মতি দেওয়ার পর ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। তিনি জানান, ঢাকা থেকে কলকাতা যেতে আট থেকে নয় ঘণ্টা লাগবে। এরসঙ্গে ইমিগ্রেশন এবং কাস্টমসে ব্যয়িত সময় যোগ হবে।
বিআর একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানায়, ফিরতিসহ রেলের টিকিটের মূল্য বাসের তুলনায় কম হবে। তিনি বলেন, “বাসের তুলনায় রেলের ভাড়া ৪০ শতাংশ কম হবে।” বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন এবং একটি বেসরকারি সংস্থা ঢাকা থেকে কলকাতা সরাসরি বাস সার্ভিস পরিচালনা করছে। ফিরতি টিকেটসহ এর ভাড়া দেড় হাজার টাকা।
রেলওয়ে সূত্র জানিয়েছে বিআর কমলাপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রিবাহী রেল পরিচালনা করতে পারবে না কারণ জয়দেবপুর এবং কমলাপুরের মধ্যকার রেল লাইন হচ্ছে মিটার গেজ।
ভারতীয় ব্রড গেজ রেলগাড়ি জয়দেবপুর পর্যন্ত আসতে পারবে।
বিআর-এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, “আগামী বছরের মধ্যে জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত মিশ্রগেজ প্রকল্প শেষ হলে যাত্রীরা কমলাপুর থেকেই শিয়ালদহ যেতে পারবে।”
