অবশেষে বন্দর থেকে অপসারিত হলো পচা ঘি এর চালান
প্রায় ২৬ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে অপসারিত হলো এক হাজার ৬৫ মেট্রিক টন পচা ও জমাটবাধা বনস্পতি ঘি।
এছাড়া বছরের পর বছর বন্দরে পড়ে থাকা এ রকম অন্যান্য বর্জ্য ধ্বংসে একটি কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে বিপুল পরিমাণ পচা ঘিয়ের এ চালানটি বন্দরের সংরক্ষিত এলাকা থেকে শুল্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ট্রাকে করে ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে যাওয়া হয়। রিফাইনারির ফার্নেসে প্রতিদিন ৫০ মেট্রিক টন করে এসব নষ্ট ঘি পুড়িয়ে ফেলা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৯৮১-৮২ সালে কয়েকজন ব্যবসায়ী এই বনস্পতি ঘি আমদানি করেন। কিন্তু বন্দর থেকে আর সরবরাহ নেন নি তারা। সেই থেকে দুই যুগেরও বেশি সময় ধরে বন্দরে পড়ে ছিল এই চালানটি।
চট্টগ্রাম বন্দরে এ ছাড়াও পচা গম, জমাট বাধা কস্টিক সোডা ও সিমেন্টের এ রকম বেশ কয়েকটি বড় ধরনের চালান বছরের পর বছর পড়ে রয়েছে। এ নিয়ে এর আগে পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হলেও বন্দর থেকে এ সব বর্জ্য অপসারণ ও ধ্বংসের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি স্বীকার করে নিয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, “আরো কিছু বর্জ্য বন্দরে রয়েছে। এগুলো চিহ্নিত করে ধাপে ধাপে ধ্বংস করা হবে।”
তিনি জানান, এ ব্যাপারে যুগ্ম কমিশনার - ২ মতিউর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বন্দরে ফেলে রাখা সবধরনের বর্জ্য চিহ্নিত করে প্রতিবেদন জমা দেবে এ কমিটি।
