চাঁপাইনবাবগঞ্জে সাবেক সাংসদের বাড়ি থেকে আরও টিন উদ্ধার
যৌথবাহিনী রোববার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন এবং শনিবার গভীর রাতে ঝিলম ইউনিয়ন থেকে ত্রাণের আরও টিন উদ্ধার করেছে।
এর মধ্যে রোববার রামচন্দ্রপুর কাইঠা পাড়া গ্রামের একটি ডোবা থেকে ১৬টি ত্রাণের টিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ টিনগুলো সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদের বাথান বাড়িতে ব্যবহৃত সরকারি ত্রাণের টিন বলে যৌথ বাহিনী সূত্রে জানা গেছে।
যৌথবাহিনী এসময় আকবর নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি সাংসদের বাথান বাড়িতে ব্যবহৃত টিন উদ্ধার মামলার আসামী।
জিজ্ঞাসাবাদে আকবর জানান, টিনগুলো হারুনুর রশিদের বাথান বাড়ির ম্যানেজার ইসরাইলের সহযোগিতায় ও উপস্থিতিতে লুকিয়ে রাখা হয়েছিল।
অপরদিকে শনিবার গভীর রাতে সদর উপজেলার ঝিলম ইউনিয়নের বাজার এলাকা থেকে ২২টি ও মাস্টার পাড়ার টুলুর বাড়ি থেকে সাতটি ত্রাণের টিন উদ্ধার করেছে।
টিনগুলো ঝিলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনতাজের রেস্টুরেন্টে ব্যবহৃত টিন বলে জানা গেছে। কয়েকদিন আগে এগুলো খুলে উল্লেখিত দুই স্থানে লুকিয়ে রাখা হয়। এ ব্যাপারে টুলু নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
