২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞের পদ না থাকায় চিকিৎসা পাচ্ছে না ক্যান্সার আক্রান্ত শিশুরা

মেডিকেল কলেজগুলোয় প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকায় ক্যান্সার বিশেষজ্ঞরা গ্রামের মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারছেন না। ফলে দেশে চিকিৎসক থাকা সত্ত্বেও সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না ক্যান্সার আক্রান্ত অধিকাংশ গরিব শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার ঢাকার বিয়াম মিলনায়তনে শৈশবকালীন ক্যান্সার বিষয়ক দুদিনের এক কর্মশালার উদ্বোধনী দিনে বিশেষজ্ঞরা এ কথা জানান। আন্তর্জাতিক ক্যান্সারবিরোধী ইউনিয়ন (ইউআইসিসি) ও ঔষধ প্রস্তুতকারী সংস্থা স্যানোফি অ্যাভেন্টিস, বাংলাদেশ এর সহযোগিতায় চাইল্ডহুড ক্যান্সার ক্যাম্পেইন, বাংলাদেশ এ কর্মশালাটির আয়োজন করেছে।

কর্মশালায় মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার চিকিৎসা সেবা বাড়াতে আরও বেশি শিশু ক্যান্সার বিশেষজ্ঞের পদ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, ক্যান্সার আক্রান্ত  রোগীদের বেশির ভাগই চিকিৎসা পাওয়ার আশায় মেডিকেল কলেজগুলোতে যায়। কিন্তু সেখানে কোনো ধরনের চিকিৎসা সুবিধা না থাকায় অসুখের কারণ না জেনেই অনেকে মারা যায়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক এম এ মান্নান বলেন, “বিএসএমএমইউ-এ আমরা প্রতি বছর ৪০০ থেকে ৫০০ ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা করি। কিন্তু সারা দেশে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। এদের বেশিরভাগই উপযুক্ত চিকিৎসা পায় না, কারণ আমরা সামর্থের বেশি রোগীকে সেবা দিতে পারি না।”

তিনি বলেন, “এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে আমাদের দক্ষ চিকিৎসক থাকার পরও অধিকাংশ ক্যান্সার আক্রান্ত শিশুরা চিকিৎসা সেবা পায় না। দেশে শৈশবকালীন ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে হলে সকল মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসকদের পদ সৃষ্টি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ চিকিৎসা কার্যক্রম চালু করতে হবে।”

এ কর্মশালা থেকে ক্যান্সার চিকিৎসায় একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে। এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে সরকারকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আপনারা বলুন আপনাদের কি প্রয়োজন।”

শিশুদের ক্যান্সারের ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে বিশ্বব্যাপী তিন বছর মেয়াদী একটি প্রচারণার আয়োজন করছে ইউআইসিসি। শৈশবকালীন ক্যান্সার চিকিৎসার সুযোগ ও মান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিশ্বের আরও ২৯ টি উন্নয়নশীল দেশে চালু করবে তারা।

সানোফি অ্যাভেন্টিসের অনকোলজি বিভাগের প্রধান ড. দবির উদ্দীন আহমেদ কর্মশালায় জানান, বাংলাদেশে শৈশবকালীন ক্যান্সার ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন  প্রাথমিক উপাত্ত নেই।

বিএসএমএমইউ-র উপ-উপাচার্য অধ্যাপক মো. তাহির ও সানোফি অ্যাভেন্টিসের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএমএমইউ-র পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক সাইফুল ইসলাম।