শীর্ষ জঙ্গি নেতা খালেদ সাইফুল্লাহর
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে খালেদের আবেদনটি ‘উত্থাপিতই হয়নি’ এ মর্মে খারিজ করে দেওয়া হয়। (আরও তথ্যসহ)
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে জঙ্গি খালেদ সাইফুল্লাহর ফাঁসি কার্যকরে কোন আইনি বাধা নেই বলে রাষ্ট্রপক্ষের কৌসুলী হেলাল উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন।
গত ১২ ফেব্র“য়ারি ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে খালেদ সাইফুল্লাহর রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত ফাঁসির কার্যকারিতা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিরও নির্দেশ দেন আদালত।
শুনানির শুরুতে আদালত বলেন, রিভিউ আবেদনে যেসব যুক্তি দেখানো হয়েছে, রায়ের আগে আপিলেও একই যুক্তি দেখানো হয়েছে। আদালত খালেদ সাইফুল্লাহর আইনজীবী আবদুস সালামের কাছে জানতে চান, তিনি আপিল বিভাগের রায় ও রিভিউ আবেদন পুরোপুরিভাবে পড়েছেন কিনা?
জবাবে আইনজীবী রায় ও রিভিউ আবেদন পড়েননি বলে জানালে আদালত ক্ষুদ্ধ কন্ঠে বলেন, এটা কি অসদাচরণ নয়? রায় না পড়ে রিভিউ আবেদন জানিয়ে আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ পর্যায়ে ওই আইনজীবী দুঃখ প্রকাশ করে আবেদনটি উপস্থাপন না করার আবেদন জানালে আদালত উপস্থাপিত হয়নি মর্মে খারিজ বলে আদেশ দেন।
গত ২৮ নভেম্বর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছয় জঙ্গির দায়ের করা জেল আবেদন ও আপিল সেদিন খারিজ করে দেওয়া হয়।
জঙ্গিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করা হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়। এ বিষয়ে ভেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা সোমবার সাংবাদিকদের বলেছেন, জঙ্গিদের প্রাণ ভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেগুলো আইন উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সিদ্ধান্তসহ ফাঁসির কার্যকরের প্রক্রিয়ায় আরো এক মাস সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের পর ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদ গত বছরের ২৯ মে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার হাসান আল মামুন ও আসাদুল ইসলাম আরিফ (পলাতক) কে মৃত্যুদণ্ড দেন।
নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে জঙ্গিরা আপিল না করলেও তাদের ডেথ রেফারেন্সের ওপর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয় হাইকোর্টে। হাইকোর্ট গত বছরের ৩১ আগস্ট জঙ্গিদের ফাঁসির আদেশ বহাল রাখে।
গ্রেপ্তারের পর জঙ্গিরা প্রচলিত আদালতে বিচার না চাওয়ার কথা জানালেও ২১ সেপ্টেম্বর তাদের মৃত্যুপরোয়ানা জারি হওয়ার পর একে একে আপিল করেন তারা। সুপ্রিমকোর্টের বিধান অনুযায়ী তাদের ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যায়। এরপর আপিল বিভাগে শুরু হয় জঙ্গিদের জেল পিটিশন ও আপিলের শুনানি। তিন কার্যদিবস শুনানি শেষে আদালত ২৮ নভেম্বর ‘আপিলগুলো খারিজ’ এ দুই শব্দে রায় প্রদান করে।
