চাঁপাইনবাবগঞ্জে ত্রাণের আরও টিন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কয়েকটি গ্রামে শনিবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ত্রাণের জন্য বরাদ্দ আরও ২৯টি ঢেউটিনসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতের নাম টুলু (৩০)। তার বাড়ি মাস্টার পাড়া গ্রামে।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঝিলিম বাজারের আজিজুলের বাড়ি থেকে ২২টি ও মাস্টার পাড়ার টুলুর বাড়ি থেকে সাতটি টিন উদ্ধার করে। এ সময় যৌথবাহিনী টুলুকে আটক করে।
সূত্রটি জানায়, ত্রাণের টিনগুলো ঝিলিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনতাজের রেস্টুরেন্টে ব্যবহার করা হচ্ছিল। কয়েকদিন আগে এগুলো খুলে উল্লিখিত দুটি স্থানে লুকিয়ে রাখা হয়। দুপুর পৌনে বারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
এর আগে শুক্রবার বিকেলে একই উপজেলার একই ইউনিয়নের দক্ষিণ শহর গ্রামের একটি বাগান বাড়ি থেকে ১৯টি টিন উদ্ধার করে।
