২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জামায়াত সাংসদের বাড়িতে পাওয়া গেল ত্রাণের টিন

নীলফামারী--৩ আসনে জামায়াতের সাবেক সাংসদ মিজানুর রহমানের জলঢাকার বাড়িতে যৌথবাহিনী শনিবার রাতে অভিযান চালিয়ে ত্রাণের টিন উদ্ধার করেছে। এছাড়া জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দিনভর তল্লাশি চালিয়ে ত্রাণের জন্য বরাদ্দ করা আরো বেশকিছু টিন পাওয়া যায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অভিযানের সময় মিজানুর রহমানকে পাওয়া না গেলেও জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবদুল লতিফকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে যৌথবাহিনী জলঢাকার ডালিয়া সড়কে জামায়াতের সাবেক সাংসদ মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১১৫ শিট ঢেউটিন উদ্ধার করে। এর আগে আবদুল লতিফের বাড়ি থেকে ১৮ শিট ঢেউটিন, জামায়াত নেতা মনসুর আলীর ব্যবসা প্রতিষ্ঠান মৌসুমি রাইস মিল থেকে ৯ শিট, জামায়াত পরিচালিত আইডিয়াল কলেজ থেকে ৫৪ শিট ও বালাগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আজিজের বাড়ি থেকে ১৫ শিট ঢেউটিন উদ্ধার করা হয়। এসব টিনের গায়ে ‘ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর’ এবং ‘বিক্রির জন্য নয়’ সিল ছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, গত বছর মার্চ মাসে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জামায়াতের সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরীর নামে এসব টিন বরাদ্দ দিয়েছিল।