২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরীব মহিলাদের মালিকানায় মহা সমুদ্রবন্দর চান মুহাম্মদ ইউনূস

চট্টগ্রামের কাছে গভীর সমুদ্রে একটি মহা বন্দর স্থাপনের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 11:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

চ্ট্টগ্রাম স্টেডিয়ামে শুক্রবার বিকেলে তাকে দেওয়া গণসংবর্ধনায় এ আহ্বান জানিয়ে ইউনূস বলেন, এ বন্দরের মালিক হবে এদেশের গরীব মহিলারা।

সভায় উপস্থিত মহাকাশ বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম মুহাম্মদ ইউনূসের প্রশংসা করার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের সমালোচনাও করেন।

তিনি বলেন, “প্রচুর ইতিবাচক দিক ছাড়াও গ্রামীণ ব্যাংকের কিছু নেতিবাচক দিক রয়েছে। নোবেল বিজয়ের সাফল্য থেকে সেগুলো সংশোধন করবেন বলে দেশবাসী আশা করে।”

এম এ আজিজ স্টেডিয়ামে ‘নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস সংবর্ধনা পরিষদ’ আয়োজিত সংবর্ধনায় শান্তিতে নোবেল জয়ী ইউনূস  দেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও জনগণের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। 

দুই দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিন সকাল থেকে স্টেডিয়ামের ভেতর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিকালে মূল সংবর্ধনা অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রী মিলিয়ে আনুমানিক আড়াই হাজার মানুষের সমাগম ঘটে।

এর আগে সকাল নয়টায় লে. জেনারেল (অব) হারুন অর রশিদ বীরপ্রতীক দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সকালের অনুষ্ঠানের মধ্যে ছিল বয় স্কাউট, গার্লস গাইড ও যুব রেড ক্রিসেন্ট সমন্বয়ে সেবাব্রতী সমাবেশ, স্বাস্থ্যক্যাম্প, জোবরা গ্রাম ও গ্রামীণ ব্যাংক নিয়ে অংকিত চিত্রপ্রদর্শনী। 

সংবর্ধনার বক্তব্যে ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দরের উপর সারাদেশের ভবিষ্যত নির্ভর করছে। তবে  বর্তমান বন্দরকে খুব বেশি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ কম। সেজন্য চট্টগ্রামের সমূদ্রসীমায় একটি ‘মেগা বন্দর’ স্থাপন করতে হবে।

 “আমি সেই বন্দরের কথা বলছি যা মহেশখালি বা অনুকূল জায়গায় স্থাপিত হতে পারে। যে বন্দরে  শুধু বাংলাদেশ নয়, আশেপাশের সকল দেশের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমার স্বপ্ন ও আশা এই মহাবন্দরের মালিক হবে এদেশের গরীব মহিলারা। যার সুফল পাবে দেশের গরীব মহিলারা, যা দেশের চেহারা পাল্টে দিতে পারে।

“গ্রামীণ ব্যাংকের মতো একটি বিরাট প্রতিষ্ঠানের মালিক যদি হতে পারে গ্রামের মহিলারা, তাহলে বন্দরের ক্ষেত্রে কেন এমনটি হতে পারবে না?”

তিনি দেশে সামাজিক বাণিজ্য চালু করার জন্য বলেন। তিনি বলেন, “যে ব্যবসার মালিক হবে গরীব মানুষ। গরীব মানুষের মালিকানার মারফতেই দেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব।” 

ইউনূস বলেন, “আমাদের দুঃখ একটাই- আমরা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি। এই বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে হবে। আমাদের যে মেধা রয়েছে সেটা সঠিকভাবে লালন-পালন করতে পারলে আমরা একটায় জায়গায় গিয়ে পৌঁছাতে পারব।

“আমরা সেই আগামী দিনে অপেক্ষায় আছি। যেসব দেশের তুলনায় এখন পিছিয়ে রয়েছি  আমাদের অসীম সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে সেসব দেশের কাতারে পৌছাতে পারব।”  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে ইউনূসের সহকর্মী এবং সংবর্ধনা পরিষদের আহবায়ক প্রফেসর মু. সিকান্দার খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. রবিউল হোসাইন, ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ, ইউনূসের স্কুলের শিক্ষক চিত্ত প্রসাদ তালুকদার এবং তাঁর সহপাঠী ড. যশোনারা বেগম।

সংবর্ধনা সভায়  উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদুঘরের সাবেক ভারপ্রাপ্ত কিউরেটর শামসুল হোসাইন।  

সভার শুরুতে ইউনূসের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জোবরার ক্ষুদ্রঋণ ও দারিদ্র্যমুক্ত বিশ্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ড.মুহাম্মদ ইউনূস।