সাঙ্গুতে কূপ স্থাপনের কাজ স্থগিত, গ্যাস সরবরাহ স্বাভাবিক
বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ক্ষেত্রে নতুন কুপ খননের কাজ শুক্রবার সন্ধ্যায় স্থগিত করা হয়েছে। নতুন এই কুপ স্থাপন বন্ধ রাখায় চট্টগ্রাম অঞ্চলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আপাতত কেটে গেছে। ফলে বিদ্যুৎ সংকটের আশংকাও আর নেই।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাঙ্গুতে শুক্রবার মধ্যরাত থেকে নতুন একটি গ্যাস কূপের জন্য রিগ স্থাপন স্থগিত করা হয়।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্দ্ধতন কর্মকর্তা শুক্রবার রাত ৮ টায় নফহবংি২৪.পড়স কে জানান, সাঙ্গু কর্তৃপক্ষ তাদের নতুন রিগ স্থাপনের কাজ স্থগিত করার বিষয়টি শুক্রবার সন্ধ্যায় বিজিএসএলকে জানিয়েছে। এর ফলে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ আগের মতোই স্বাভাবিক থাকবে।
তিনি বলেন, যেহেতু গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকছে সেই কারণে ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম এলাকায় অবস্থিত দুটি সার কারখানাসহ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ হচ্ছে না।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, গ্যাস সরবরাহ বন্ধ না হলে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট আগের মতোই চালু থাকবে। এই ইউনিটে শুক্রবার সান্ধ্যকালীন পিক আওয়ারে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সাঙ্গু গ্যাস ক্ষেত্রে নতুন কুপ স্থাপনের পূর্ববর্তী সিদ্ধান্তের কারণে শুক্রবার মধ্যরাত থেকে এই ইউনিটটি বন্ধ হওয়ার কথা ছিল।
পিডিবি সূত্র জানায়, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে একটির স্থলে এখন দুটি ইউনিট চালু হয়েছে। হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ইউনিটটি চালু করা সম্ভব হয় বলে ওই সূত্র জানায়।
শুক্রবার সন্ধ্যায় এ দুটি ইউনিট থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
