সাতক্ষীরায় বাঘের আক্রমণে ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু
গোলপাতা কাটতে গিয়ে বৃহস্পতিবার বাঘের হাতে প্রাণ হারিয়েছেন শ্যামনগরের আবু বককার ঢালী (৩৫) এবং কালিগঞ্জে সাপের কামড়ে মারা গেছে বিকাশ কুমার নামে চার বছরের একটি শিশু।
সুন্দরবনের বৈকারী জঙ্গল সংলগ্ন চুনকুড়ি নদীর পাশে গোলপাতা কাটার সময় নওয়াবেকি গ্রামের মৃত ঈমান আলী ঢালীর ছেলে আবু বককারকে বেলা ১১ টার দিকে বাঘে নিয়ে যায়। তার সঙ্গী অন্য বাওয়ালীরা অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার ক্ষত--বিক্ষত লাশ উদ্ধার করে। রাত ৯ টায় গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
এ ব্যাপারে শ্যামনগর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সুলতান আহম্মেদ জানান, “ঘটনাটি শুনেছি, তবে এ ব্যাপারে থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।”
এদিকে কালিগঞ্জ উপজেলার পাটুলিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ১১টায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে রজত কুমারের ছেলে বিকাশ কুমার (৪)। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে মাস কলাই ক্ষেতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে।
স্থানীয় ওঝার ঝাড়--ফুঁকের এক পর্যায়ে সন্ধ্যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
