বাংলাদেশেই স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কথা বিবেচনা করছে ইইউ
জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহের প্রস্তাব নির্বাচন কমিশন অনুমোদন করলে বাংলাদেশেই সেগুলো তৈরির কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপের একক বৃহত্তর জোটটি মনে করে বাংলাদেশে এ ধরনের ব্যালট বাক্স তৈরি হলে সময় ও অর্থ দুদিক থেকে সাশ্রয় হবে। ইউরোপের কোনো দেশের কাছ থেকে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহের প্রস্তাব নির্বাচন কমিশন গ্রহণ করলে পুরো প্রক্রিয়াটির সমন্বয় করবে ইইউ।
ঢাকায় কর্মরত ইউরোপের একটি দেশের কূটনীতিক বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স --কে বলেন “বিদেশ থেকে কাচামাল এনে এদেশে ব্যালট বাক্স তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
ব্যালট বাক্স দেওয়ার ব্যাপারে ডেনমার্কের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “কোনো দেশ এককভাবে আগ্রহ প্রকাশ করতেই পারে। তবে প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সম্পন্ন হবে। আর এটি সমন্বয় করা হবে ইইউর ব্রাসেলস সদর দপ্তর থেকে।”
ব্যালট বাক্স বিনামূল্যে দেওয়া হবে নাকি বিক্রি করা হবে সে ব্যাপারে তিনি জানান, “বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।”
তবে শেষ পর্যন্ত বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
ডেনিশ রাষ্ট্রদূত আইনার হোবেগার্ড জেনসেন বুধবার জানান, বাংলাদেশে ব্যালট বাক্স তৈরির সম্ভাব্যতা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে একটি ডেনিশ প্রতিনিধি দল ঢাকায় আসছে।
জেনসেন বলেন, “বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধের পর সিদ্ধান্ত নেওয়া হবে স্বচ্ছ ব্যালট বাক্স কী পদ্ধতিতে দেওয়া হবে।”
জানা গেছে, বাংলাদেশে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির বিভিন্ন দিক সম্প্রতি খতিয়ে দেখেছে ইইউ। বিশেষ করে এদেশে উন্নত প্রযুক্তির প্লাস্টিক কারখানাগুলোতে খোঁজখবর নেওয়া হয়েছে।
এরপর ইইউ নিশ্চিত হয়েছে বিদেশ থেকে প্রয়োজনীয় কাচামাল এনে গুণগত মান ঠিক রেখেই এদেশে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি সম্ভব।
