ডিসিসির অভ্যর্থনা কেন্দ্র বন্ধ রেখে ‘অন্যরকম’ ব্যবসা
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অভ্যর্থনা ও অনুসন্ধান কেন্দ্রটি বন্ধ রেখে একটি প্রতারক চক্র তাদের ‘অন্যরকম’ ব্যবসা চালিয়ে যাচ্ছে ৬ মাসের বেশি সময় ধরে। এর ফলে প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে নগরভবনে আসা শ’ শ’ মানুষ এই চক্রের হাতে হয়রানির শিকার হচ্ছেন।
অভিযোগ উঠেছে, ডিসিসির বিদায়ী সচিব আলমগীর হোসেনের একান্ত সহকারি আনোয়ার হোসেন হাজারীর ছত্রছায়ার মানিক, বিল্লাল ও ইদ্রিস নামের তিন বহিরাগতের নেতৃত্বে চলছে এই হয়রানি চলছে। নগর ভবনের প্রবেশ পথেই এই চক্রের ২০ থেকে ৩০ জন সদস্য দাঁড়িয়ে থাকে। কোনো সমস্যা নিয়ে কেউ সেখানে উপস্থিত হলেই তাদের সাহায্য করার নাম করে টাকা আদায় করে এরা। অনুসন্ধান কেন্দ্র বন্ধ থাকায় বাধ্য হয়েই এদের সাহায্য নিতে হয় নগর ভবনে আসা নিরীহ লোকদের।
লক্ষ্মীবাজারের শ্যামা প্রসাদ রায় চৌধুরী লেনের বাসিন্দা গৌতম চক্রবর্তী বুধবার নগরভবনে গিয়েছিলেন তার মেয়ের জন্ম নিবন্ধন সনদ নিতে। তিনি অভিযোগ করেন, “একদিনের মধ্যেই সার্টিফিকেট তুলে দেওয়ার কথা বলে রাজ্জাক নামের এক ব্যক্তি আমার কাছে ১ হাজার টাকা চেয়েছে।”
ডিসিসি সূত্রে জানা গেছে, ২০০৩ সালের অক্টোবর মাসে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নগরভবনের প্রবেশ মুখে অভ্যর্থনা ও অনুসন্ধান কেন্দ্রটি স্থাপন করা হলেও ডিসিসির নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে সেটি চালু হয় পরের বছর। শুরুর দিকে নিয়মিত সেখানে লোক ছিল না। পরে, ২০০৫ সালের ২০ আগস্ট অভ্যর্থনাকারী হিসেবে ঢাকা মহানগর শিশু হাসপাতালের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক (ইউডিএ) আব্দুর রহমানকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে ওই প্রতারক চক্রের তৎপরতায় ২০০৬ সালের আগস্ট মাসে ডিসিসির তৎকালীন সচিব তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে আগের কর্মস্থলে ফেরত পাঠান। ফলে লোকবলের অভাবে অভ্যর্থনা ও অনুসন্ধান কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “আনোয়ার হাজারীর লোকজনের অবৈধ কাজের বিরোধিতা করার কারণেই আমাকে বদলি করা হয়।”
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন হাজারী। তার দাবি, “এ বিষয়ে আমি জড়িত নই। তাকে বদলি করেছেন সচিব। এতে আমার কোনো হাত ছিল না।”
ডিসিসির বর্তমান সচিব মজিবুর রহমান অবশ্য আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। নফহবংি২৪.পড়স কে বুধবার তিনি বলেন, “অভ্যর্থনা কেন্দ্র বন্ধ থাকার বিষয়টি আমার জানা ছিল না। আমি কথা দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে সেটা চালু করা হবে।” নগর ভবনের ওই প্রতারক চক্রের কর্মকাণ্ড সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। “তবে এটি সত্যি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে”Ñ জানিয়েছেন তিনি।
