আখাউড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০
আখাউড়া উপজেলার বনগজ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বুধবার রাতে দু’দলের সংঘর্ষে দেলোয়ার হোসেন (১৮) নামে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে ১৬ জনকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বনগজ গ্রামের মধ্যপাড়ার মনির হোসেন ও প্রতিপক্ষ উত্তর পাড়ার হাসান, দুলাল ও বাবুল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের অন্তত ৭/৮ শ লোক সংঘর্ষে অংশ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউণ্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
গুরুতর আহত মাহবুবুর রহমান (২৫), মাশুক মিয়া (৩০), সিরাজুল ইসলাম (৪৭), নান্নু মিয়া (৪০), নুরুল ইসলাম (৩২), ডালিম (২৫), খোরশেদ আলম (২৬), আবদুর রাশিদ (২৮), জুয়েল রানা (৩৭), কলিম মিয়াসহ (৫৫) ১১ জনকে আখাউড়া ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানান, পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুড়েছে। এছাড়া, এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
১৬ জনকে আটক করা হলেও কোনো পক্ষ মামলা দায়ের করেনি বলে তিনি জানান।
