নয়াবাজারে ডিসিসির অভিযানে তিন একর জমি দখলমুক্ত, হাজারীবাগে পিডিবির অভিযান
নগরীর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার প্রায় তিন একর জায়গা দখলমুক্ত করেছে ঢাকা সিটি কর্পোরেশন।
দখলমুক্ত করা তিন একর (নয় বিঘা) জমির মূল্য প্রায় দুইশ’ কোটি টাকা বলে ডিসিসি কর্মকর্তারা জানিয়েছেন।
ডিসিসি অঞ্চল--৪ এর নির্বাহী কর্মকর্তা মশিহুর রহমানের নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য এবং ডিসিসির অর্ধশতাধিক শ্রমিক এই অভিযানে অংশ নেয়।
সকাল ১০ টায় শুরু হওয়া এই অভিযানে নয়াবাজার নবাব ইউসুফ সড়কের ‘জনতা আয়রণ মার্কেট’ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন তিন একর (নয় বিঘা) জায়গা দখল করে ওই মার্কেটটি গড়ে তোলা হয়েছিল। সেখানে মুদি, হোসিয়ারি, বেকারি ও সেলুনসহ কমপক্ষে আড়াইশ’ দোকান ছিল। তবে অভিযানের শেষ পর্যায়ে ডিসিসির বুলডোজারটি বিকল হয়ে যাওয়ায় কয়েকটি দোকান ভাঙ্গা সম্ভব হয়নি।
প্রায় ৩৫ বছর পর ডিসিসির মালিকানাধীন মূল্যবান এই জায়গাটি দখলমুক্ত করা সম্ভব হলো বলে ডিসিসি কর্মকর্তারা জানান। তবে মার্কেটের ব্যবসায়ীরা দাবি করেছেন সিটি কর্পোরেশনের কাছ থেকে বৈধ লিজ নিয়েই তারা দোকান তৈরি করেছিলেন।
একই সময় নয়াবাজার নবাব সিরাজউদদ্দৌলা পার্কের সামনে ডিসিসির প্রায় ১৬ কাঠা জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত ১৬ টি আধাপাকা দোকান ভেঙ্গে দেওয়া হয়।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড (পিডিবি) নগরীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
এরমধ্যে হাজারীবাগ নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি বেড়িবাঁধের উপর নির্মাণ করা প্রায় দুইশ’ কাঁচাঘর ভেঙ্গে দেওয়া হয়। তবে কোন রকম আগাম নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে বস্তিটির বাসিন্দারা অভিযোগ করেছে।
পিডিবির অভিযানকারী দল পরে কোম্পানিঘাট কাঁচাবাজারের ৫০টি দোকান ভেঙ্গে দেয়। এর পাশেই হাজী সাঈদ হোসেন ময়না মার্কেটের ২৫ টি ফলের দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়।
