২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই হচ্ছে না ভারত থেকে বিদ্যুত আমদানি

ভারত থেকে বিদ্যুৎ কিনতে চাইলেও এরজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে কমপক্ষে তিন বছর সময় লাগতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ভারত থেকে বাংলাদেশে বিদ্যুত সরবরাহের ওপর একটি প্রাক--সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ইউএসএআইডির তৈরি প্রতিবেদনটি পাওয়ার পর জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন,“রিপোর্টটি পরীক্ষা-নীরিক্ষার জন্য সরকার একটি কমিটি গঠন করে দেবে এবং ওই কমিটি যাচাই বাছাই শেষে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। আর সেই প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যুত আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে জ্বালানী উপদেষ্টা ভারত থেকে বিদ্যুত আমদানির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন।

বৃহস্পতিবার তিনি বলেন, “বিদ্যুত কেনার ব্যাপারে দুই সরকারের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।”

ইউএসএআইডির প্রতিবেদনে বলা হয়, ভারতের বহরমপুর থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত বাংলাদেশকে সরবরাহ করা সম্ভব। তবে এই বিদ্যুত পেতে সময় লাগবে কমপক্ষে তিনবছর। ট্রান্সমিশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে এ সময় লাগবে। আর এক্ষেত্রে প্রতি ইউনিটের জন্য ট্রান্সমিশন ব্যয় হবে ১ টাকা ২০ পয়সা, সঙ্গে উৎপাদন এবং অন্যান্য ব্যয় মিলিয়ে খরচ হবে ২ টাকা ৩০ পয়সার চেয়েও বেশী।

প্রতিবেদনে আরও বলা হয় ভারত প্রতিদিন ১৭ ঘন্টা  বিদ্যুত সরবরাহ করতে পারবে। তবে সেটা দিনের কোন সময়ে হবে, তা উল্লেখ করা হয়নি।