২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে মিয়ানমারের ১২ যুবক গ্রেপ্তার

‘মালয়েশিয়ায় পৌঁছে গেছি’ বলে রাতের অন্ধকারে কক্সবাজারের একটি এলাকায় দালাল চক্র নামিয়ে দিল মিয়ানমারের ১২ জন যুবককে। অতঃপর রাতের ঘুটঘুটে অন্ধকারে কোনো কূল-- কিনারা না পেয়ে তারা এসে আশ্রয় নেয় একটি মসজিদে। সেখান থেকে এখন তাদের আশ্রয় হয়েছে কক্সবাজার থানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বুধবার রাতে শহরের এসএম পাড়ার একটি মসজিদ থেকে এদের গ্রেপ্তার করে কক্সবাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো সৈয়দ হোসেন (১৮), মো. আমিন (১৮), মো. ইদ্রিস (১৮), মো. আবদুল্লাহ (১৮), মো. আলম (১৮), মো. আবদুর রহিম (২০), মো. ওসমান (২০), মো. ইসলাম (১৮), শফি উল্লাহ (১৮), রবি উল্লাহ (১৮), সৈয়দুল আমিন (১৭) ও মো. ইউনুস (২৯)।

গ্রেপ্তারকৃত যুবকরা মিয়ানমারের মংডু এলাকার নারীর বিল গ্রামের বাসিন্দা।

গত বছরের ডিসেম্বর মাসেও কক্সবাজার শহর থেকে মালয়েশিয়ায় পাচারকালে আট মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

কক্সবাজার থানা সূত্র জানায়, মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে ৩০-- ৪০ জন মিয়ানমারের যুবককে কক্সবাজার শহরের এসএম পাড়ার একটি মসজিদে জড়ো করা হয়েছে খবর পেয়ে পুলিশ বুধবার রাত ১০টার দিকে অভিযান চালায়। স্থানীয় একটি মসজিদে গিয়ে ১২ জন মিয়ানমার যুবককে পায় পুলিশ।

ধৃত মিয়ানমার যুবকরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা ৪ দিন আগে বাংলাদেশের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সেখান থেকে সেলিম নামের এক দালালের মাধ্যমে তারা কক্সবাজারে পৌঁছায়। ওই রাতেই মালয়েশিয়ায় পাঠানোর খরচ হিসেবে তারা প্রতিজন ১৫-- ২০ হাজার টাকা দালাল সেলিমের হাতে তুলে দেয়।

তারা জানায়, পরদিন রাতে ওই দালাল চক্র কক্সবাজার শহরের একটি অজ্ঞাত ঘাট থেকে একটি ফিশিং ট্রলারে তাদের তুলে নেয় ও মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।

কিন্তু দুইদিন দুই রাত ট্রলার চালানোর পর গত বুধবার রাত প্রায় ১০ টায় অন্ধকারের মধ্যে কক্সবাজার শহরের এসএম পাড়া এলাকায় এসে ‘মালয়েশিয়ায় পৌঁছে গেছি’ বলে নামিয়ে দেওয়া হয়।

মিয়ানমার যুবকরা রাতের অন্ধকারে মালয়েশিয়ায় পৌঁছে গেছে মনে করে ওই এলাকায় নেমে পড়ে। কিছুদূর হাঁটার পর একটি মসজিদ পেয়ে তারা ওখানে অবস্থান নেয়।

পুলিশ জানায়, ১০/১২ জন অপরিচিত যুবককে মসজিদে অবস্থান নিতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করতে সক্ষম হয়।

অভিযানে অংশগ্রহণকারী এসআই মাহফুজ জানিয়েছেন, ধৃত মিয়ানমার যুবকরা ওই ট্রলারে কতজন ছিল তা স্পষ্টভাবে জানাতে পারেনি। তবে আরও লোক ছিল। গ্রেপ্তারকৃতরা জনৈক দালাল সেলিমের কথা বললেও সঠিক ঠিকানা বলতে না পারায় সেলিমকে গ্রেপ্তার করা যায়নি।

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের অবৈধ অনুপ্রবেশকারী আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দালাল চক্রকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, কক্সবাজার শহরকে ট্রানজিট পয়েন্ট ধরে দীর্ঘদিন ধরে মিয়ানমার নাগরিকরা বাংলাদেশী পরিচয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের শিকার হচ্ছে। গত ডিসেম্বর মাসেও সরকারি একটি গোয়েন্দা সংস্থা কক্সবাজার শহরে হোটেল আল হেরার সামনে থেকে মিয়ানমারের আট যুবককে গ্রেপ্তার করেছিল। সে সময় দুই দালালকেও গ্রেপ্তার করা হয়েছিল।