২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাবেক ডিসি হাছানকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাছানকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

র্যাবের হাতে আটক সাবেক জেলা প্রশাসক হাছানকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোকছেদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তবে আদালত সূত্র জানায়, বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলেও বৃহস্পতিবার বিকালে একই আদালতে সাবেক জেলা প্রশাসককে বিশেষ ক্ষমতা আইনে আটক ও কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা এবং চিকিৎসার বিষয়ে শুনানি হবে।

আসামী পক্ষের আইনজীবীরা এই তিনটি আবেদন পেশ করলে আদালত বিকালে শুনানির সময় নির্ধারণ করেন।

এদিকে মোহাম্মদ হাছানকে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে প্রস্তাব করেছেন হালিশহর থানার এস আই মো. জাহাঙ্গীর।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটকাদেশের পক্ষে পুলিশ প্রশাসনের আবেদন অনুমোদন করা হয়েছে। 

বুধবার রাতে র্যাব মোহাম্মদ হাছানকে হালিশহর থানায় হস্তান্তর করে।

থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটকাদেশ চেয়ে আদালতে হাজির করে।

উল্লেখ্য, র্যাব--৭ বুধবার সকালে নগরীর হালিশহর এলাকার ডিউ পয়েন্ট স্কুল থেকে সাবেক জেলা প্রশাসক ও এই স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ হাছানকে আটক করে।

চট্টগ্রামের জেলা প্রশাসক থাকা অবস্থায় ভূমি দখল ও দুর্নীতিসহ নানা অনিয়ম এবং স্কুল শিক্ষিকাদের অনৈতিক কাজের চাপ দেয়ার অভিযোগে র্যাব তাকে আটক করে।