ভাড়া না দেয়ায় রাজশাহী আর্ট কলেজে তালা ঝুলিয়েছে গণপূর্ত বিভাগ
লিজ নেয়া কলেজ ভবনের ভাড়া না দেয়ার অভিযোগে বুধবার রাজশাহী আর্ট কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে গণপূর্ত বিভাগ। শুধু তা-ই নয়, বিনা অনুমতিতে নির্মিত ওই ভবনের দ্বিতীয় তলাটিও ভেঙ্গে দেওয়া হয়েছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কলেজ কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের কাছ থেকে ভাড়া নিয়ে আর্ট কলেজ পরিচালনা করে আসছিলেন। কিন্তু তারা কোনো ভাড়া পরিশোধ করেননি। পাওনা আড়াই লক্ষ টাকা ভাড়া আদায়ের জন্য বুধবার সকালে গণপূর্ত বিভাগের সেখানে গেলে দেখতে পান আগের নির্মিত ভবনের ওপর আরো ঘর নির্মাণ করা হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে বিনা অনুমতিতে নির্মাণ করা ঘরগুলো ভেঙে ফেলেন। এছাড়া বকেয়া ভাড়া না দেয়ায় কলেজ ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন।
