বইমেলায় ভালবাসার জোয়ার
‘দোস্ত এই বইটা কি জেসমিনকে দেওয়া যায়?’ ইমদাদুল হক মিলনের ‘কবি ও একটি মেয়ে’ হাতে নিয়ে দ্বিধান্বিত চিত্তে বন্ধুর পরামর্শ চাইছে একটি ছেলে। দোস্তও ঠিক বুঝতে পারছে না। একবার আড়চোখে তাকাল স্টলে বসা লেখকের দিকে। তাকে কাহিনীর সারসংক্ষেপ জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। লেখক খুব ব্যস্ত। ঝড়ের গতিতে তার ‘লালগোলাপ তোমাকে’ বইয়ে অটোগ্রাফ দিয়ে চলেছেন। বন্ধুটি বললো, ‘বাদ দে, ওইটাই (মানে, লালগোলাপ তোমাকে) নে। রিস্ক ফ্রি।’ কবিকে রেখে লালগোলাপের দিকে ঝুঁকলো বন্ধুদ্বয়।
বুধবার ভালোবাসার দিনে এভাবেই নিশ্চিত ভালোবাসার বইগুলি বিক্রি হয়েছে তুমুলভাবে।
প্রেমিক ক্রেতারা ছাড়াও বইমেলা বুধবার ছিল জুটিদের দখলে। বরাবরের মতোই তাদের ভ্যালেন্টাইনস ডে উদযাপনের অন্যতম ভেন্যু হয়ে উঠেছে গ্রন্থমেলা চত্বর। বিকেলের সোনারং রোদের সঙ্গে ঝলমলিয়ে উঠেছিলেন তারা। মেঘমেদুর দুটি দিনের পর ফের বইমেলা চাঙ্গা হয়ে উঠেছে এইসব তরুণ -- তরুনীদের ভালোবাসার উত্তাপে।
বিকেল সাড়ে তিনটে নাগাদই মেলায় ঢোকার লাইন গিয়ে ঠেকেছে চারুকলা অব্দি। ভিতরেও প্রচন্ড ভিড়। গতকালের বৃষ্টিতে যে কাদা পানি জমেছে তা এখনো বহাল আছে। বহেরাতলার লিটল ম্যাগাজিনের স্টলগুলোর অবস্থা খুবই করুন। এমনতিইে ওদিকটা কেউ সহজে মাড়াতে চায় না। তার উপর পুরো বহেরাতলায় একটা ছোটখাট পুকুর হয়ে আছে।
অন্যদিকের অবস্থাও খুব ভালো না। কাদার কারণে অনেক কষ্ট করে কাটতে হচ্ছে দর্শনার্থীদের। ভালোবাসার দিন উপলক্ষ্যে একটু সেজে গুজে এসেছিলেন যারা তারা পরেছেন বেশ বেকায়দায়। সাজ রক্ষা করে চলতে গিয়ে অতিরিক্ত সাবধান থাকতে হচ্ছে তাদের। শাড়ির বা পাজামার পারে যেন কাদা না লাগে সেজন্য দুহাত ব্যস্ত রাখতে হয়েছে। এতোসব করেও অনেকে শেষরক্ষা করতে পারেননি। সন্ধ্যে নাগাদ অন্যপ্রকাশের সামনেই একজন আছাড় খেয়ে পরলেন। চারিদিকে আহা আহা রব উঠল। অনেকের মনেই আশংকা গুড় গুড় করে উঠল, আরেকটু পর সুর্য ডুবে গেলে কী হবে!
তারপরও ভিড় কমেনি। বিশেষ করে ভিড় দেখা গেছে অনন্যা আর অন্যপ্রকাশের সামনে। অনন্যায় বসেছেন ইমদাদুল হক মিলন, তার ‘লালগোলাপ তোমাকে’ বইয়ে ঝড়ের গতিতে স্বাক্ষর করে চলেছেন। দফ ফেলার সময় নেই। মেলায় আজ মিলনের নতুন একটি বই এসেছে। ‘কবি ও একটি মেয়ে’। বইটা শিরোনাম দেখে অনেকেই দ্বিধান্বিত, উল্টে পাল্টে দেখছেন, ভালোবাসার দিনে প্রিয়জনকে এই বইটা দেয়াটা লাগসই হবে কিনা। তারচে ‘লালগোলাপ তোমাকে’ বইটা অনেক নিরাপদ মনে হচ্ছে।
হুসেইন মোহাম্মদ এরশাদ কাল মেলায় এসেছিলেন। আজ তার বই ‘সময়ের কথা এবং আত্মবিশ্লেষন’ এসেছে মেলায়। লেখক ও বই একদিনে না আসায় ভালই হয়েছে। নইলে তার বই নিয়ে মেলার বিভিন্ন কোনে যে মশকরা চলছে সেটা হাসিমুখে সহ্য করতে হতো এই প্রাক্তন সেনাপ্রধানকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলায় বই এসেছে মোট ৭৪টি। এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বই রযেছে। আবদুল্লাহ আল মামুনের ‘চারদিকে যুদ্ধ’ বের করেছে মুক্তধারা। সেলিনা হোসেন এর ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ প্রকাশক সাহিত্য বিলাস। সাহিত্য বিকাশ বের করেছে আবু হাসান শাহরিয়ারের প্রেমের আখ্যান কাব্য ‘আড়াই অক্ষর’। রফিক আজাদ এর ‘মৌলবীর মন বালো নেই’ প্রকাশ হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে।
ড. আলী আসগরের বই ‘পৃথিবী’ প্রকাশিত হয়েছে অনিন্দ্যপ্রকাশ থেকে। মনন প্রকাশ বের করেছে শামসুর রাহমানের ‘প্রেমের কবিতা গল্প’।
হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মজীবনী ‘সময়ের কথা এবং আত্মবিশ্লেষন’ প্রকাশ করেছে আকাশ প্রকাশনী। বইটি সম্পাদনা করেছেন সুনীল শুভরায়। সৈয়দ আনোয়ার হোসেনের ‘বাংলাদেশ এবং মুসলিম বিশ্ব’ বের করেছে নালন্দা। সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘অতিক্রম’ এর প্রকাশক অন্যপ্রকাশ।
