অনাহারের মুখে চাদে আটকা পড়া ৩৭ বাংলাদেশি
আকর্ষণীয় চাকরির আশায় গৃহযুদ্ধ বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশ চাদ প্রজাতন্ত্রে গিয়ে অমানবিক জীবন যাপন করছে ৩৭ বাংলাদেশি। জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য পাঠানো না হলে আগামী ১ মার্চ থেকে অনাহারে থাকতে হতে পারে তাদের। বিস্তারিত জানাচ্ছেন রাহীদ এজাজ।
তহবিল সংকটের কারণে ক্ষুধার্ত ও নিপিড়ীত ওইসব বাংলাদেশির জন্য খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে রেড ক্রস।
বুধবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেইন নফহবংি২৪.পড়স-কে বলেন, “সরকারের পক্ষ থেকে এই ৩৭ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।” তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি, “তাদের ফিরিয়ে আনার কোনো সুনির্দিষ্ট সময়সীমা এখনো ঠিক হয়নি। কারণ ব্যাপারটা বেশ জটিল।”
সম্ভাব্য মানবিক সংকট প্রসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন,“ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একজন কর্মকর্তাকে চাদে পাঠানো হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুত্র জানায়, গত মাসে তিউনিসের ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসকে জানায় যে তারা চাদে আটকে পড়া ওই ৩৭ জন অবৈধ বাংলাদেশি নাগরিকের থাকা ও খাওয়ার খরচ বহনের জন্য একজন দাতাও খুজে পাচ্ছে না। এ অবস্থায় তহবিল সংকটের কারণে ১ মার্চের পর থেকে এই বাংলাদেশিদের জন্য সাহায্য দেয়া বন্ধ করতে বাধ্য হবে তারা। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস এরপর ফেব্র“য়ারির মধ্যেই তাদের ফিরিয়ে আনতে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় কর্তৃপক্ষের প্রতি।
এর আগে গত বছরের নভেম্বরে আইসিআরসির তিউনিস প্রতিনিধি প্রথম চাদে আটকে পড়া ৫১ বাংলাদেশীর দুরবস্থা সম্পর্কে লিবিয়ায় বাংলাদেশ দুতাবাসকে জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, “সানলাইট এন্টারপ্রাইজ নামে একটি ট্রাভেল এজেন্সি (লাইসেন্স নং--আর এল ৪৭৫) ভুয়া ভিসা ও চাকরির নকল কাগজপত্র দিয়ে এদের চাদে পাঠায়। কিন্তু সেখানে পৌছানোর পর তারা চাকরিদাতাদের খুজে পায়নি। স্বাভাবিকভাবেই স্থানীয় পুলিশ তাদের আটক করেছে।” তিনি জানান ওই ৫১ জনের মধ্যে ৩৭জন এখনো চাদে আটকা পড়ে আছে, বাকি ১৪ জন সম্ভবত দেশটি ছেড়ে চলে গেছে।
চাদে বন্দি হাবিবুর রহমানের ভাই মো. রাসেল জানান, তারা জানতে পেরেছেন এই ৩৭ জনকে একসঙ্গে চাদ প্রজাতন্ত্রের রাজধানী এনজামেনার একটি বাড়ীতে রেখেছে স্থানীয় পুলিশ। স্থানীয় রেডক্রস তাদের বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে। তিনি বলেন, “গত এক মাস ধরে হাবিব ও তার সঙ্গিরা দুই দিন পর পর একবার করে খাবার পাচ্ছে। আমি গত শুক্রবারও তার সঙ্গে কথা বলেছি।”
রাসেল জানান, তার ভাই এবং মাগুরার তরিকুল মোল্লা ও মিরণ হোসেনসহ আরও কিছু লোক চাদে চাকরি পাওয়ার আশায় প্রত্যেকে দুই লাখ ৪০ হাজার টাকা করে জমা দিয়েছিলেন রিক্রুটিং এজেন্ট আনিসুর রহমান--এর প্রতিনিধি ফরিদপুরের আকমল মোল্লার কাছে। আকমল তাদের প্রত্যেককে মাসে ৩৫০ ডলারের বেতনসহ ভালো চাকরির নিশ্চয়তা দিয়েছিল। এমনকি তাদের জেলে আটকে পড়ার খবর পাওয়ার পর দেশে ফিরিয়ে আনা বাবদ প্রত্যেকের পরিবারের কাছ থেকে আরও ২৫ হাজার টাকা করে নিয়েছে সে।
