২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পরিবেশ খুব শিগগিরই ফিরে আসবে: ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন

“বাংলাদেশের বর্তমান অবস্থা জানার জন্য আমরা এসেছিলাম। আমরা খুবই সন্তষ্ট। বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ খুব শিগগিরই ফিরে আসবে বলে আমি আশাবাদী,” বলেছেন ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

১৩ ফেব্র“য়ারি রাতে তার সম্মানে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে রাত নয়টায় অনুষ্ঠানটি শুরু হয়। ব্যারোনেস এ সময় সিলেটকে তার প্রিয় শহর উল্লেখ করে বলেন, “এ শহর একদিন দুবাই বা সিঙ্গাপুরের মতো হবে।”

এর আগে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে নগরীর সুবিদবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যারোনেস মঞ্জিলা উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি  বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে জানান।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস প্যাট্রিসিয়া বিউটেনিস বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট যাবেন। সেখানে তিনি আমেরিকান কর্নারের নতুন শাখা উদ্বোধন করবেন বলে জানা গেছে।