চট্টগ্রামে আখতারুজ্জামান বাবুর মালিকানাধীন ভবনের একাংশ উচ্ছেদ
আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর মালিকানাধীন একটি ভবনের বর্ধিত অংশ এবং কার পাকিংয়ে বসানো দোকান মঙ্গলবার দুপুরে উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
অভিযানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের উপস্থিতিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাদামতলী মোড়ে নির্মাণাধীন ১০ তলা ভবন আখতারুজ্জামান সেন্টারের মূল নকশার ব্যতিক্রম ঘটিয়ে নির্মিত অংশ এবং কার পাকিংয়ের দোকান ভেঙে ফেলা হয়।
ভবন ভাঙার সময় আগ্রাবাদ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উৎসুক পথচারীদের সরাতে একপর্যায়ে লাঠিপেটা করে পুলিশ।
