২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম আছে, প্রেম নেই

তখনো ছিল অন্ধকার তখনো ছিল বেলা / হৃদয়পুরে জটিলতার চলিতেছিল খেলা। -শক্তি চট্টোপাধ্যায় কদিন আগের কথা, ধানমন্ডির যে অফিসে চাকরি করি তার একটা ফ্লোরে রেস্তোরা। সেখানে খেতে গেলে চোখে পরে কিছু তরুণ তরুণী, তারা মাঝে মধ্যে আসে, এ ওর গালে খাবার তুলে দেয়, খুনসুটি চলে। এটুকু হলেও চলতো, কিন্তু মাঝে মাঝেই এইসব কপোত-কপোতীর মাত্রাছাড়া আদর দেখে আমার মতো দুএকজন বয়োবৃদ্ধের কানটান লাল হয়ে ওঠে, কপালে চিকন ঘাম দেখা দেয়, ওরা অবশ্য এসব আমলেই নেয় না। এমন সব আচরণ করে মনে হয় যেন নিজের ঘরের ঘেরাটোপেই আছে। প্রসঙ্গটা তুলতেই এক সহকর্মী বললেন, এ আর এমন কি অমুক জায়গায় যান, দেখবেন তেলেসমাতি। মনে হবে কোনারকের সুর্যমন্দিরে এসেছেন। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, সুর করে বললেন, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই...।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 02:32 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

শুধু রেস্তোরা না, আজকাল পার্ক, ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গাতেই এরকম জীবন্ত খাজুরাহো দেখা যায়। এবং এসব ক্ষেত্রে পাত্রপাত্রীর বদল এতো দ্রুত ঘটে যে ধাধা লাগে চোখে। যে রেস্তোরার কথা বলছিলাম সেখানে পরপর তিনদিন একই মেয়ের সঙ্গে তিনটি আলাদা ছেলেকে আসতে দেখেছি একই ঘনিষ্টতায়। ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো, এসব দেখে শুনে মনে প্রশ্ন জাগে, প্রেমের দিন কি তাহলে শেষ?

অনেক দিন ধরেই অনেকে বলছেন, এসব পশ্চিমের আগ্রাসনের ফলে হয়েছে। এখন তো আর দেশ দখল করতে হয় না। মিডিয়ার ভিতর দিয়ে মনোজগতে ঢুকে গেলেই চলে। উন্নত বিশ্বের নানারকম কেচ্ছাকাহিনী দেখে শুনে এইসব উঠতি বয়সের তরুণেরা ধরেই নিয়েছে ওটাই আদর্শ। ওটাই উচ্চতা।

পশ্চিমে প্রেমের ব্যপারটা অনেকখানিই খোলামেলা। অডেন এর ‘উই মাস্ট লাভ ওয়ান এনাদার অর ডাই’ এর জমানা গত হয়েছে অনেক আগেই।  যৌনমুক্তির পর এ সম্পর্কে ওদের দৃষ্টিভঙ্গির আমুল বদল ঘটে গেছে। এখন তাদের কছে শরীরি প্রণয়ই প্রেম। সেখানেও পারফরম্যান্সের প্রতিযোগিতা চলে। ফেল মারলে খেল খতম। অডিও ভিডিওসহ নানা মাধ্যম এই প্রেমে প্রণোদনা যুগিয়ে চলেছে। চিকিৎসা বিজ্ঞানও এগিয়ে এসেছে। এ বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে লন্ডনের বাজারে সহজলভ্য হচ্ছে ভায়াগ্রা। ফলে ‘সে যে এসেছিল বাতাস তো বলেনি’ টাইপের গান ওদের কাছে কান্নার সমান।

আমাদের তরুন তরুনীরাও সেদিকেই এগুচ্ছে বলে আশংকা হয়। সঞ্জয় লীলা বানসালির দেবদাসের মার মার কাটকাট বাজার দেখে যদি ভাবেন এখনো ওই প্রেমের কাল চলছে, ভুল হবে। ‘দেবদাস-পার্বতী, অমিত - লাবন্য’র যুগ শেষ।’ হাসতে হাসতে বুকে ছুরি ঢুকিয়ে দেয়ার মতো করে বলছিল একালের তরুন, নাম আদনান, বয়স ২৩/২৪ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র।

‘যে ভোলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি তারে ভুলিব না, কভু ভুলিব না’ কিংবা ‘তুমি যে তুমিই ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন’ এসব কবিতা আর একালে লেখা সম্ভব না। বরং একালে শিবায়ন ঘোষের কবিতাই যথার্থ বলে মনে হবে : ‘যারে দেখি তারেই লাগে ভালো/ যখন দেখি তখনই লাগে ভালো/ যেখানে দেখি সেখানেই লাগে ভালো/ এ কি আমার চোখের কোন মায়া.....।’

ফলে প্রেমের আর আশা নাই। প্রেম নেই।

এই হাহুতাশ দেখে একালের তরুনের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রেম তাহলে কি কেবলই হৃদয়েরই ব্যাপার। আঙুল কেটে রক্তে রক্তে মিলিয়ে দেওয়া, চিঠির ভাঁজে গোলাপের পাপড়ি গুজে দেওয়া, দিস্তার পর দিস্তা কাগজ নষ্ট করে কাব্যিচর্চা করা, তারা আশায় আমরণ পথ চেয়ে বসে থাকা। ‘ইশ আর বইলেন না। ভীষন খ্যাত লাগে।’ চোখ মুখ কুঁচকে বলছিল মোনালিসা।

এখন হয়তো তাই। তবে কিছুদিন আগেও ওটাই আদর্শ ছিল। যখন সামাজিক নানা বিধি নিষেধের কারণে প্রেমকে বাধ্য হয়ে নানা আবরণ নিয়ে পথ চলতে হয়েছে। ‘রজকীনি প্রেম/নিকষিত হেম/কামগন্ধ নাহি তায়’ প্লেটনিক প্রেমের এই যুগও অনেক আগেই ফুরিয়েছে।

তাহলে শরীরি প্রেমে বাধা কোথায়? এই উপমহাদেশের এতো যে সতর্কতা, লুকোচুরি, রাখঢাক গুড়গুড়, কই আগের কালের কাব্যে গাঁথায় তো বেশ রগরগে প্রেমেরই বিবরণ পাই। রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা বাদ দিলেও খৃষ্টপূর্ব ২/৩ শতকে লেখা গাথা সপ্তশতী বা অমরু শতকের অথবা হাল এর কবিতায় যেসব নমুনা দেখি তাতে শরীরি সংরাগের যে বিবরণ পাতায় পাতায় তার কাছে একালের প্রেমকাহিনী তো নস্যি।

পন্ডিতেরা অবশ্য অন্য একটা ব্যাখ্যাও দিতে চান। তাদের বক্তব্য হলো, সেকালে দেহটাই ছিল মনের ভাষা। তা হবেও বা। যদিও শিক্ষিত চোখে তাকে মেনে নেওয়া একটু কঠিন। তবে কথাটার একটা তাৎপর্য থাকতেও পারে, কারণ সেকালের শরীরি প্রেমও একনিষ্ট ছিল, দীর্ঘস্থায়ী ও বাক্সময়।

একালে ক্ষনিক প্রেমের আরো একটা কারণ হিসেবে ক্যারিয়ারকে দাড় করান অনেকে। আজকাল ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি ক্যারিয়ারিস্ট। প্রতিযোগিতার ঠেলায় মনের কুসুম মরে গেছে। ফলে প্রেম আর নেই। ‘চাই চাই আজো চাই তোমারে কেবলি, জনশুন্যতার কানে রুদ্ধ কণ্ঠে/ বলি আজো বলি- /অভাবে তোমার অসহ্য অধুনা মোর/ ভবিষ্যত বদ্ধ অন্ধকার/কাম্য শুধু স্থবির মরণ।’ এমন আবেগঘন বাণী উচ্চারণের বা শ্রবণের সময় নেই একালের তরুন-তরুনীর।

প্রেমের সঙ্গে ক্যারিয়ারের বিরোধটা কোথায়। ইডেন কলেজের তাবাসসুম এর বক্তব্য, ‘দুটোই সিরিয়াসলি করতে হয় তো। এক সঙ্গে তাই দুটো করা যায় না।’

কথাটা কতটুকু সত্য তা নিয়ে বিতর্ক তো চলতেই পারে। কিন্তু সমাজের অস্থিরতা, অনিশ্চয়তা যে অন্য অনেক সুকুমারবৃত্তির মতো প্রেমের বিকাশেও অন্তরায় সেটা মেনে নিতে হবে।

কেউ কেউ এর সাথে অবশ্য একমত নন। যেমন রকিবুল হক। পড়ছেন চারুকলায়। বলেন, “না, চলছে তো সবই। আমরা তো লেখাপড়াও করছি প্রেমও করছি। কই কেথাও আটকাচ্ছে না তো।”

‘প্রেম করে বোকারা’ তাবাসসুমই হাসতে হাসতে বলেছিল। তাহলে বসন্ত উৎসবে বা ভ্যালেন্টাইন দিবসগুলিতে কিংবা এমনিতেও পথে পথে এতো যে জুটির সমাহার কিংবা অন্যসময়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আনাচে  -  কানাচে, রেস্তোরায় এতো যে কপোত-কপোতী, এতো যে অনিঃশেষ কথা এসব তাহলে কী জানতে চাইলে নির্বিকারভাবেই বলে ও ‘ওগুলো প্রেম না, সময় কাটানো’।

সময় কাটানোরই চেহারা যদি এই হয় তাহলে প্রেমের অবস্থা না জানি কী। অথবা এ যুুগে প্রেমেরই অন্য নাম সময় কাটানো। ‘একটাও প্রেম করিস না, তুই সময় কাটাস কীভাবে’ বান্ধবীকে এমন কথা বলতে নিজের কানে শুনেছি।

এক মহিলা তার অভিজ্ঞতার কথা জানালেন। দল বেধে কুয়াকাটা গিয়েছিলেন। বেশ বড় দল। তাদের সঙ্গে ১০/১২ জন তরুন তরুনীও ছিল। সেখানে গিয়ে অনেকে জোড়ায় জোড়ায় আলাদা হয়ে গেল। বেশ ভালো কথা। তাদের ঘনিষ্টতা আটপৌরে চোখে বাধলেও গা করেননি তিনি। এমনকি আড়ালে আবডালে যুগলদের বেকায়দা অবস্থায় দেখেও চেপে গেছেন। কথাটা পাঁচকান করেননি। ভেবেছেন সময় বদলেছে। তাছাড়া দুদিন পরে তো ওরা নিশ্চয়ই বিয়ে করবে। ঠিকই, সমুদ্র থেকে ফেরার কদিন বাদেই তাদের কয়েকজন বিয়ের পিড়িতে বসল। এবং ভদ্রমহিলা বিস্ময়ে পাথর হয়ে গেলেন যখন দেখলেন বর  -  কনের জুটির আর কুয়াকাটার জুটিতে কোন মিল নেই। খোঁজ নিয়ে জানলেন, বিয়েটা মোটেই জোর করে দেওয়া নয়, যার যার পছন্দের বিয়ে।

প্রাচীনার সাথে নবীনার এই বিরোধ বড় প্রকট হয়ে উঠছে। প্রাচীনপন্থী প্রাচীনার জন্য এ বড় সঙ্কট। তবে আধুনিকা অনেকে সামলে নিতে পারেন। নবনীতা দেবসেনের মা নাকি বলতেন, ভালবাসার মানুষকে বিয়ে কেরোনা। ওতে ভালবাসা মরে যায়। শুনে নবনীতা হেসে বলেছেন, মানেটা কী? তাহলে কী স্বামীকে ভালবাসবো না।

এই ধাধার জবাব খুব সুখের নয়। তবে বার্টান্ড রাসেল, চার্লি চ্যাপলিন, এলিজাবেথ টেলরদের দিকে তাকালে কথাটা সত্য মনে হতেও পারে। প্রথম দুজন ৪ বার এলিজাবেথ ৮ বার বিয়ে করেছেন, সুখের দেখা মেলেনি। এজন্যই হয়তো সার্ত্রে বিয়ে করেননি সিমন বেভোয়ারকে।

লিভ টুগেদারই সর্বোত্তম পন্থা বলে পশ্চিম এগিয়ে গেছে অনেক আগেই। এই ঢাকা শহরেও এর চর্চা গোপনে গোপনে যে হচ্ছে না সেটা বুকে হাত দিয়ে বলা মুশকিল। লিভ টুগেদারে পারষ্পরিক শ্রদ্ধা, সমঝোতা হয়তো ভালভাবেই থাকে কিন্তু প্রেম কতটা থাকে সেটা বোঝা মুশকিল।

আমার মতো বয়ষ্ক মানুষেরা মনে করে ভালোবাসার যে দুটো দিক একটা জৈবিক ও আরেকটা চিরন্তন, তার মাঝেই সে বেঁচে থাকা নানা রুপে। এর হের ফের হলে একবার চন্ডীদাস হচ্ছে আরেকবার ক্লিন্টন মনিকা হয়ে যাচ্ছে। খানিকটা শ্রদ্ধা, বন্ধুত্ব, সমঝোতা, কমিটমেন্ট, যৌনতা সবমিলিয়েই ভালবাসার রুপটি দাড়ায়। কামনার নিবৃত্তি আর প্রেম একাকার হয়ে গেলেই ঘটে বিপত্তি। আপত্তিটা সেখানেই।

এই বসন্ত বাতাসে এ আপত্তি কতোটা টিকবে বলা মুশকিল।