বিএনপির সাবেক সাংসদ ফালু ও সালাউদ্দিন খুলনা কারাগারে
বিএনপির দুই সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মঙ্গলবার ভোর রাত ৪টা ১৫ মিনিটে খুলনা কারাগারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খুলনা কারাগার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টায় ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মোসাদ্দেক আলী ফালু ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে র্যাব ও ডিএমপি পুলিশের একটি বিশেষ দল কড়া নিরাপত্তার মধ্যে রাত ৪টা ৫ মিনিটে খুলনা কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র পরীক্ষা শেষে তাদের দু’জনকে ৪টা ১৫ মিনিটে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে ভিআইপি আসামীদের রাখার জন্য সোমবার থেকে খুলনা জেলা কারাগারের একটি কক্ষ সংস্কার করা হয়েছে।
খুলনা কারাগারের সুপার আতাউর রহমান, ফালু ও সালাউদ্দিনকে খুলনা কারাগারে আনার কথা স্বীকার করেছেন। জেলখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
