সাড়া না পেলে রাজনীতিতে নামব না: ইউনূস
রাজনীতিতে এলেও বন্ধু মনমোহন সিংয়ের পথে হাঁটবেন না নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে এলে পুরনো কোনো দলে যোগ দেবেন না, গড়বেন নিজের নতুন দলই। “এটা ঠিক, ড. সিং কংগ্রেসে যোগ দিয়ে ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার আনার চেষ্টা করেছেন। তিনি আমার খুব ভালো বন্ধু, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু আমার জন্য পরিস্থিতিটা একদমই অন্য রকম। আমার দেশের পুরো রাজনৈতিক সিস্টেমেই একটা পরিবর্তন আনা দরকার”Ñ নফহবংি২৪.পড়স-এর এক প্রশ্নের জবাবে বলেছেন ড. ইউনূস।
রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছের কথা জানিয়ে একদিন আগেই বাংলাদেশের জনগণের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন গ্রামীণ ব্যাংকের পুরোধা। বাংলাদেশ জুড়ে আলোচিত হয়েছে তার ওই চিঠি। ড. ইউনূস জানান, দেশের মানুষের মনোভাব জানতেই ওই চিঠিটি লিখেছেন তিনি, “আমার আশেপাশের লোকজন বলছেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে আমার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন। কিন্তু আমি নিশ্চিত হতে চাই এটা বাংলাদেশের লাখো জনতার মনের কথা, কেবল আমার চেনামুখদের নয়।”
কিন্তু জনগণের মনোভাবটা জানবেন কী ভাবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেবল সংখ্যা দিয়েও মূল্যায়ণটা করা সম্ভব। মানুষের আগ্রহ কতটা, সেটাই গুরুত্বপূর্ণ।” তিনি মনে করেন, “জনগণের ব্যাপক আগ্রহ ছাড়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বড় কোনো পরিবর্তন আনা তো সম্ভব নয়। আমি দেখতে চাই সে রকম আগ্রহ আদৌ আছে কি না। যদি সাড়াটা পাই দায়সারা গোছের, তাহলে আমি উদ্যোগটা নেবো না।”
ড. ইউনূস আশা করছেন, আসলেই রাজনীতিতে নামবেন কি না, এই সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যেই নিতে পারবেন তিনি। তবে যদি নামেনই, সেটা বর্তমান কোনো দলের হয়ে যে হবে না তা এখনই জানিয়ে রেখেছেন, “আমাকে নতুন দলই করতে হবে। বর্তমানের দলগুলোর কাছে খুব বেশি কিছু আশা করি না আমি। কারণ রাজনীতিতে নামার ব্যাপারে অনেক রাজনীতিবিদ এরই মধ্যে আমাকে সাবধান করে দিয়েছেন। তারা মনে করেন, আমার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হবে না। আর অন্য দলগুলোর সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে, সেটা বিবেচনা করার সময় এখনো আসেনি।”
নতুন দল গড়লেই যে জনগণের ব্যাপক সাড়া পাবেন, এমন কথাও কিন্তু ভাবছেন না এই নোবেলজয়ী। “আমি জানি বাংলাদেশের বেশিরভাগ লোকের, এমনকি আমার গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের কোনো না কোনো পছন্দের দল আছে। এমনকি তারাও হয়তো আমাকে ভোট দেবেন না। তাই বলে রাখতে চাই, আমি মোটেই স্বপ্নের জগতে বাস করছি না। পরিবর্তন আনতে হলে সব জায়গাতেই দীর্ঘ মেয়াদী প্রচেষ্টার দরকার হয়”ÑÑ বলেছেন তিনি।
ড. ইউনূস মনে করেন, বাংলাদেশে দারিদ্রের হার দ্রুত কমে আসছে। তবে তারপরও কেন বাংলাদেশিরা দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হতে চাইছেন ব্যাপক হারে, এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলেছেন তিনি, “তারা তুলনামূলক ভালো সুযোগের সন্ধান করছেন।” তার যুক্তি, “ভারতীয় ও পাকিস্তানিরাও তো অন্যান্য দেশে অভিবাসী হচ্ছেন। এমনকি ইউরোপীয়রাও যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এমন নয় যে তারা না খেয়ে আছেন। তারা কেবল আরো ভালো সুযোগ খুঁজছেন।”
