আগের সরকারের আমলে নিয়োগ পাওয়াদের দিয়েই চলছে মাঠ প্রশাসন
বিগত চারদলীয় জোট সরকার এবং পরবর্তীতে ইয়াজউদ্দিন আহম্মদের তত্ত্বাবধায়ক সরকারের সাজানো কর্মকর্তাদের দিয়েই চলছে মাঠ প্রশাসন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এক মাস পার হলেও এখনও মাঠ প্রশাসন সংস্কারে হাত দেয়নি। তবে সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে এরইমধ্যে জানিয়েছে।
প্রসাশন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) মতিউর রহমান বলেছেন, নির্বাচন সঙ্গে সংশি¬ষ্ট পদগুলোতে পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।
মাঠ প্রশাসনে রদবদলের কাজ শুরু না হওয়ায় ওএসডি এবং পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে যারা এখনও আগের দায়িত্বেই বহাল রয়েছেন তাদের নতুন পদায়নের সুযোগ তৈরি হচ্ছে না।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনে দলীয় প্রভাব বজায় রাখতে বিএনপি নেতৃত্বাধীন সরকার মেয়াদ শেষ হওয়ার আগেআগেÑÑ ২০০৬ সালের জুন থেকে অক্টোবরের মধ্যেÑÑ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে ব্যাপক রদবদল করে। তখন বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় বিবেচনায় পছন্দের লোকজনকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বসানো হয়।
জোট সরকার ক্ষমতা ছাড়ার আগে এ ছাড়াও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে নিয়োগ দেওয়ার জন্য ৫০ জন উপসচিব এবং তিন’শ সিনিয়র সহকারি সচিবের নামের একটি তালিকা (ফিটলিষ্ট) তৈরি করে রাখে। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায় সরকার এসে প্রয়োজন হলে যাতে তালিকাটি অনুসরণ করে ওইসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারে।
ইয়াজউদ্দিন আহম্মদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গত সরকারের রেখে যাওয়া ছক অনুযায়ী কেন্দ্রীয় এবং মাঠ উভয় প্রশাসনেই কিছু রদবদল করে। এ সময় নতুন নিয়োগ দেওয়া হয় খুবই কম।
সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স -কে বলেন, ইয়াজউদ্দিন আহম্মদের সরকার আট জেলার প্রশাসক পদে কোন পরিবর্তন করেননি। বাকী ৫৬ জেলার মধ্যে ২২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অবশিষ্ট ৩৪ জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয় মাত্র।
এই হিসাব অনুযায়ী ৪২ জেলায় জোট সরকারের নিয়োগ দেওয়া জেলা প্রশাসক এখনও বহাল রয়েছেন। আর ২২টিতে বহাল আছেন ইয়াজউদ্দিন সরকারের নিয়োগ দেয়া জেলা প্রশাসকরা।
জানা গেছে এই ২২ জেলা প্রশাসকদের বেশিরভাগই গত সরকারের শেষ সময় উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়েও প্রায় একই অবস্থা বিরাজ করছে। ৪৭৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে প্রায় অর্ধেককে প্রত্যাহার বা বদলি করা হয়নি। বাকীদের মধ্যে কিছু কর্মকর্তাকে একই জেলার অধীন উপজেলাগুলোর মধ্যেই রদবদল করা হয়। তবে কিছু কর্মকর্তাকে অন্য জেলার উপজেলায় বদলি করা হয়েছে। সূত্র জানায় সেই বদলিও গত সরকারে ক্ষমতাসীন দলের এমপিদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী করা হয়েছে।
