'নির্বাচনের স্বার্থে প্রশাসনের সংস্কার অব্যাহত থাকবে'
নির্বাচনের স্বার্থেই প্রশাসনের সংস্কার চলছে এবং তা চলতে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান।
অবশ্য তিনি নিশ্চিত করলেন,“নির্বাচনের সঙ্গে যেসব কর্মকর্তা বা যেসব পদের কোন সম্পর্ক নেই তাদের বদলি বা সংস্কারের নামে হয়রানি করা হবে না।”
সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রনালয়ে উপদেষ্টা মতিউর রহমান সাংবাদিকদের বলেন,“তত্ত্বাবধায়ক সরকারের সময় কম কাজ অনেক বেশি। এ অল্প সময়ের মধ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে সরকার। একটি অবাধ নির্বাচনের স্বার্থে যা প্রয়োজন সরকার তা করবে।”
পাবলিক সার্ভিস কমিশনে দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়ে মতিউর রহমান বলেন, সব প্রতিষ্ঠানেই প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে।
মতিউর রহমান বলেন, “আমাদের নিজেদের মধ্যে প্রতিদিনই আলোচনা চলছে। কোনো কাজ আমরা ফেলে রাখছি না। যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করছি। নির্বাচন কমিশন পুনর্গঠন হচ্ছে এবং ভেতরের সংস্কার শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছি।”
ড. ইউনূসের রাজনীতিতে আসার ব্যাপারে উপদেষ্টা বলেন, “এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি মনে করেন রাজনীতিতে আসলে জনগণের উপকার হবে তবে তিনি আসতে পারেন।”
