কমিশনার - চেয়ারম্যানদের পলায়ন এবং তারপর
কমিশনার সাহেব কোথায় গিয়েছেন ? এরকম সরল একটি প্রশ্ন ছিল ৬ নং ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসানের কার্যালয়ে অবস্থানরত কয়েকজনের কাছে। আনুমানিক ২৫/২৬ বছরের তরুন বেলাল আহমেদ বললেন, তিনি আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছেন।
স্থানীয় ছাত্রদল নেতা রিয়াজ বললেন, তিনি ব্যাবসায়িক কাজে বাইরে আছেন। আরেক ভদ্রলোক বেশ রাগতস্বরে বললেন, কই গেছে জানিনা, তা দিয়ে আপনার দরকার কি?
আত্মীয়র বাড়ি কিংবা ব্যাবসায়িক কাজে তিনি যেতেই পারেন কিন্তু এই সময়ে এবং এতোদিন ধরে কেন ? প্রায় ১০দিন হতে চললো তার দেখা নেই। অথচ কয়দিন আগেও হাসান সাহেব সাধারন নির্বাচনে মনোনয়ন পাবার জন্য বেশ আন্দোলন করছিলেন ! হঠাৎ বলা নেই কওয়া নেই তিনি আত্মীয়র বাড়িতে গেলেন, আর গেলেন তো গেলেন, আসার নাম নেই।
শুধু ৬ নং ওয়ার্ডই নয়, দেশে জরুরি অবস্থা জারি এবং যৌথ বাহিনীর অভিযান শুরুর পর থেকে সারা দেশের অসংখ্য ওয়ার্ড কমিশনার, পৌর চেয়ারম্যান, ইউনিয়ান চেয়ারম্যানের হৃদয়ে আত্মীয়প্রীতি জাগ্রত হয়েছে বলে শোনা যাচ্ছে। দুর্মুখরা বলছে, খুব সম্ভবত সেনা প্রত্যাহারের আগে তাদের বেড়ানো শেষ হবে না।
তাদের এই ম্যারাথন বেড়ানোর ফলে বেকায়দায় পড়েছেন সাধারন জনগন। আপনি যদি ভেবে থাকেন তারা নেই বলে মশা নিবারন হচ্ছে না কিংবা ভাঙা রাস্তা মেরামত হচ্ছে না কিংবা আবর্জনা পরিষ্কার হচ্ছে না বলে জনতা বেকায়দায় পড়েছে তাহলে ভুল করবেন। ওনারা থাকলেও এসব কাজ হয় না। জনতা আসলে বেকায়দায় পড়েছে একটু ভিন্ন কারণে।
চাকরির আবেদনপত্রের সঙ্গে আবশ্যিক সংযুক্তি হিসেবে একটা চারিত্রিক সনদপত্র দরকার জাকারিয়া খানের। সেটা আবার নিতে হবে পৌর কমিশনারের কাছ থেকেই। ফলে তিনি এখন অসহায়। কয়েকজন শুভানুধ্যায়ী, এমনকি কমিশনার অফিসের কয়েকজন কর্মচারীরও তাকে পরামর্শ দিয়েছেন স্বাক্ষর জাল করতে। প্রস্তাবটা তার মনে ধরেনি। এরকম আরো কিছু দরকারি কাজ আটকে আছে অনেকের।
তবে এই অনুপিস্থতির কিছু ভাল দিকও আছে বলে জানালেন এক বৃদ্ধ এলাকাবাসী। ‘ওনরা গেছেন, এলাকায় অখন শান্তি বিরাজ করতেছে। যদ্দিন না আসে তদ্দিনই বালা।’
চেয়ারম্যান- কমিশনাররা এলাকা ছাড়ার কারনে আনেক এলাকায় শান্তি ফিরে এলেও জনগন এখন চান যে, একদিনের জন্য হলেও চেয়ারম্যান- কমিশনাররা এলাকায় ফিরে আসুন এবং দরকারী কাগজপত্রে স্বাক্ষর করে করে আবার বেড়াতে চলে যান।
