২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে হবেন প্রধান বিচারপতি?

আগের দুইবার জ্যেষ্ঠতা লঙ্ঘন হওয়ায় এবার কে হবেন প্রধান বিচারপতি তা নিয়ে আদালত অঙ্গনে জোর আলোচনা চলছে। আগামী ২৮ ফেব্র“য়ারি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন অবসরে যাচ্ছেন। তাই জল্পনা--কল্পনা জোর বাতাস পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আগের দুবার প্রধান বিচারপতি নিয়োগ হয়েছিল দলীয় সরকারের আমলে। এবার তা হতে যাচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে।

জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী এবার প্রথমে আছেন বিচারপতি মো: রুহুল আমিন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। তারপর রয়েছেন বিচারপতি এম এম রহুল আমিন,  মো: তাফাজ্জাল ইসলাম, আমিরুল কবির চৌধুরী ও মোঃ জয়নুল আবেদীন।

চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালের ২১ জানুয়ারি মোঃ রুহুল আমিন ও মোহাম্মদ ফজলুল করিমের জ্যেষ্ঠতা লংঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় কে এম হাসানকে। জ্যেষ্ঠতা লঙ্ঘনের ধারাবাহিকতায় পরের বারও এই দুইজনকে ডিঙ্গিয়ে সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ২০০৪ সালের ২৭ জানুয়ারি প্রধান বিচারপতি পদে নিয়োগ পান ।

বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৭ বছর হওয়ায় ১৯৪০ সালের ১ মার্চ জন্মগ্রহণকারী মোদাচ্ছির হোসেনকে ২৮ ফেব্র“য়ারি অবসরে যেতে হচ্ছে। তিনি ২০০২ সালের ৩ মার্চ আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি।

মোদাচ্ছির হোসেনের এক বছর দুই মাস আগে, ২০০১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ নিয়োগ পেয়েছিলেন মো রহুল আমিন। হাইকোর্ট বিভাগে নিয়োগ পান ১৯৯২ সালে। জন্ম ১৯৪১ সালের ১ জুন হওয়ায় তিনি আগামী বছরের ১ জুন পর্যন্ত বিচারপতি বহাল থাকতে পারবেন।

অন্যদিকে ২০০১ সালের ১৫ মে আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ফজলুল করিম। হাইকোর্ট বিভাগে নিয়োগ পান ১৯৯২ সালের ১ নভেম্বর। তার জন্ম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর। সেই হিসাবে তিনি ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যšত তিনি বিচারপতি পদে বহাল থাকবেন।

আওয়ামী সরকারের আমলে কে এম হাসানকে ডিঙ্গিয়ে মোঃ গোলাম রাব্বানী ও মোঃ রুহুল আমিনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় তখন আওয়ামী লীগ বিরোধী আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। এর কিছুদিন পরই সরকার পরিবর্তন হলে আপিল বিভাগে বিচারকের সংখ্যা পাঁচ থেকে সাতে উন্নীত করে কে এম হাসানসহ দু’জনকে আপিল বিভাগের নিয়োগ দেওয়া হয়।

এরপর মোঃ রুহুল আমিন ও  মোহাম্মদ ফজলুল করিমকে টপকিয়ে প্রথমে কে এম হাসান ও পরে সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনকে প্রধান বিচারপতি করা হয়। এ নিয়োগের পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপি জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ একবার বলেন, এদেরকে প্রধান বিচারপতি করার মাধ্যমে তাদের প্রতি করা অবিচারের প্রতিকার করা হয়েছে।

জন্ম তারিখ অনুযায়ী আপিল বিভাগের অন্য বিচারপতি এম এম রহুল আমিন ২০০৯ সালের ২৩ ডিসেম্বর, মোঃ তাফাজ্জাল ইসলাম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি, আমিরুল কবির চৌধুরী এ বছরের ৩০ জুন এবং জয়নুল আবেদীন ২০১০ সালের ১ জানুয়ারি পর্যšত বিচারপতি পদে থাকবেন।

নতুন প্রধান বিচারপতি কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনার ব্যাপারে আওয়ামী লীগের আমলের আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের সঙ্গে শনিবার যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।